ওয়ানডেতে এর আগে দুই দলের দেখা হয়েছে ১৫ বার। বাংলাদেশ জিতেছে ৯ ম্যাচ, আফগানিস্তান ৬টি। বড় জয় বাংলাদেশ যেমন পেয়েছে, আছে আফগানিস্তানেরও। এ বছরের ঘটনা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে ১৪২ রানে হারিয়েছিল আফগানরা।
সেই আফগানিস্তানের বিপক্ষে আজ জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের বাংলাদেশ দল। যদিও সেই আশারও একটা সীমা ছিল, যেটি অতিক্রম করে গেছে ৯২ বল হাতে থাকতে পেয়ে যাওয়া বাংলাদেশের ৬ উইকেটের জয়। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এতটা দাপুটে জয় আশা করেননি জানিয়ে ম্যান অব দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমরা এভাবে চিন্তা করিনি। কী হবে না হবে, শুরুতে সেটা চিন্তা করিনি। চিন্তা করেছি, আমরা বল ধরে ধরে খেলব। বোলাররা ভালো জায়গায় বল করবে, ব্যাটসম্যান রান করবে। দিন শেষে ফলাফল যা আসার আসবে।’
মিরাজ এরপর যোগ করেন, ‘বোলাররা ঠিক জায়গায় বল ফেললে আর ব্যাটসম্যানরা পারফর্ম করলে আমরা ম্যাচ জিতব, ভাবনা ছিল এ রকমই। আপনি দেখুন, আজ বোলাররা ভালো বোলিং করেছে, হয়তো শুরুতে ভালো হয়নি, তবে ঘুরে দাঁড়ানোটা ভালো হয়েছে।’
বোলিংয়ে ঘুরে দাঁড়ানোয় অধিনায়ক সাকিবের সঙ্গে ভূমিকা আছে মিরাজেরও। দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। মিরাজ পরে ব্যাট হাতে ৭৩ বলে ৫৭ রান করে হয়েছেন ম্যাচসেরা। কিন্তু ধর্মশালার পেস–বান্ধব উইকেটে এত ভালো স্পিন বোলিং কীভাবে করলেন সাকিব–মিরাজরা!
মিরাজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রথম দিকে যখন পেসাররা ভালো করছিল না, তখন স্পিনারদের ওপর চাপটা চলে আসে। তবে প্রথম থেকেই সাকিব ভাই খুব ভালো বোলিং করেছেন, দুটি উইকেট নিয়েছেন। তখনই আত্মবিশ্বাসটা ফিরে আসে। আমিও এক প্রান্ত থেকে ভালো বোলিং শুরু করি।’
মিরাজ অবশ্য কৃতিত্ব দিয়েছেন তিন পেসার তাসকিন, শরীফুল আর মোস্তাফিজকেও, ‘পেসাররাও পরে ভালো বোলিং করেছে। এমন উইকেট হবে, এটা প্রত্যাশা ছিল না। টার্ন থাকবে সেটাও ভাবিনি।’