বড় রানের আভাসটা আগের দিনই দিয়েছিলেন ভারত ‘এ’ দলের দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরন ও যশস্বী জয়সোয়াল। দুজনই প্রথম দিনের অপরাজিত ফিফটিকে আজ সেঞ্চুরিতে পরিণত করেছেন। জোড়া শতকে ভারতীয় ‘এ’ দলও গড়েছে রানের পাহাড়। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের রান ৫ উইকেটে ৪০৪। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩টি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, ২টি খালেদ আহমেদ।
প্রথম দিনের মতো আজও যে সারা দিন দাপট ছিল ভারতীয়দের, সেটি আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঈশ্বরন ও জয়সোয়াল সকাল থেকেই খেলেছেন ওয়ানডে মেজাজে। প্রথম সেশনেই ১১৭ রান যোগ করেন দুই ওপেনার। সেঞ্চুরি করে দুজনই দ্রুত এগোচ্ছিলেন দেড় শর পথে।
তাইজুল এসে বাংলাদেশ ‘এ’ দলের উইকেট খরা থামান। ৭৭তম ওভারে জয়সোয়ালকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ২৮৩ রানের জুটি ভাঙেন তিনি। আউট হওয়ার আগে ১৪৫ রান করেন এই বাঁহাতি।
পরের উইকেটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি। পেসার খালেদ আহমেদ ৮৪তম ওভারে তিনে নামা ঢুলকে আউট করেন। কট বিহাইন্ড হওয়ার আগে ২০ রান করেন তিনি। খালেদের পরের ওভারেই আউট হন ঈশ্বরন, ১৪২ রানে থামে তাঁর ইনিংস।
দিনের দুটি সাফল্য আসে তাইজুলের বোলিংয়ে। সরফরাজ খান ও জয়ন্ত যাদবের ইনিংস দীর্ঘ হতে দেননি তাইজুল। ২১ রান করে এলবিডব্লুর ফাঁদে পড়েন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া সরফরাজ। ১০ রান করে আউট হন অফ স্পিনিং অলরাউন্ডার যাদব।
দিন শেষে অপরাজিত আছেন উপেন্দ্র যাদব (২৭) ও তিলক বর্মা (২৬)। প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হওয়া বাংলাদেশ ‘এ’ দল থেকে ভারতীয়রা এখন এগিয়ে আছে ২৯২ রানে, হাতে আছে আরও ৫ উইকেট।