ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে—সুপার এইটের সাতটি দলকে পেয়ে গেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান না যুক্তরাষ্ট্র, সুপার এইটের শেষ দলটি কারা হবে, সেটি নির্ধারিত হবে কাল পাকিস্তান-নামিবিয়া ম্যাচ শেষে। অঘটনের শিকার না হলে পাকিস্তানই হবে শেষ আটের অষ্টম দল। কলম্বোর এসএসসি গ্রাউন্ডে ম্যাচটি পরিত্যক্ত হলেও সুপার এইটে উঠবে পাকিস্তান। পাকিস্তান হেরে গেলেই শুধু টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে উঠবে যুক্তরাষ্ট্র। আরেকটি দলেরও অবশ্য এখনো কাগজে-কলমে সুপার এইটে ওঠার সুযোগ আছে, দলটির নাম নেদারল্যান্ডস। পাকিস্তান হেরে গেলে সেই সুযোগ কাজে লাগাতে দিনের পরের ম্যাচের ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ব্যবধানে জিততে হবে ডাচদের।
পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র অথবা নেদারল্যান্ডস—যারাই পরের রাউন্ডে উঠুক না কেন, সুপার এইটে ২ নম্বর গ্রুপে খেলবে। আইসিসি আগেই সুপার এইটের গ্রুপিংয়ের জন্য আটটি দলকে সিডেড বা বাছাই দল ঘোষণা করেছিল। প্রথম পর্বে গ্রুপে অবস্থান যা-ই হোক না কেন, সেই দলগুলো সুপার এইটে কোন গ্রুপে খেলবে নির্ধারিত ছিল আগেই। বাছাই দলগুলো বাদ পড়ে গেলে তাদের সিডের জায়গা নেবে তাদের গ্রুপ থেকে সুপার এইটে ওঠা অবাছাই দলটি। এ কারণেই পূর্বনির্ধারিত বাছাই দল অস্ট্রেলিয়ার (বি১) জায়গা নিয়েছে জিম্বাবুয়ে। আরেক বাছাই দল পাকিস্তান বাদ পড়ে গেলে এ২ হবে যুক্তরাষ্ট্র।
আগেই নির্ধারিত ছিল ভারত (এ১), অস্ট্রেলিয়া (বি১), ওয়েস্ট ইন্ডিজ (সি২) ও দক্ষিণ আফ্রিকা (ডি২) সুপার এইটে উঠলে ১ নম্বর গ্রুপে খেলবে। একইভাবে ২ নম্বর গ্রুপে থাকছে ইংল্যান্ড (সি১), নিউজিল্যান্ড (ডি১), পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (এ২) ও শ্রীলঙ্কা (বি২)।
যার মানে গ্রুপে প্রথম হওয়া কিংবা দ্বিতীয় হওয়ায় কিছু আসে-যায় না। সেরা দুইয়ে থাকতে হবে, সেটিই আসল বিষয়।
গ্রুপ ১ ভারতজিম্বাবুয়েওয়েস্ট ইন্ডিজদক্ষিণ আফ্রিকা
গ্রুপ ২ইংল্যান্ডনিউজিল্যান্ডপাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডসশ্রীলঙ্কা
• প্রথম পর্বের কোনো পয়েন্ট যোগ হবে না সুপার এইটে।• দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে।• সেমিফাইনালে ১ নম্বর গ্রুপের শীর্ষ দল মুখোমুখি হবে ২ নম্বর গ্রুপের দ্বিতীয় দলের। আরেক সেমিফাইনালে ২ নম্বর গ্রুপের প্রথম দল খেলবে ১ নম্বর গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে।