
মেয়েদের ফাইনাল হয়ে গেছে গতকালই, কিন্তু আইচি-নাগোয়ার এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্ট শুরু হচ্ছে আগামীকাল। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে আফগানিস্তান। এশিয়ান গেমসে এ নিয়ে চতুর্থবার ক্রিকেট হচ্ছে। এই গেমস সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার, তা দেখে নিতে পারেন একনজরে…
২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত খেলা হবে। ১০টি দল অংশ নেবে এতে। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলছে সরাসরি। এ বছরের জুনে এশিয়ান গেমস কোয়ালিফায়ার থেকে এসেছে বাকি চার দল হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান। এ ছাড়া স্বাগতিক হিসেবে জায়গা পেয়েছে জাপানও, ২০২৩ সালে সর্বশেষ আসরেও বাছাইপর্ব পেরিয়েই খেলেছিল তারা।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। এর আগে প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর হবে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল।
র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা ছয় দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। এর মধ্যে একমাত্র পূর্ণ সদস্যদেশ হিসেবে আছে আফগানিস্তান। এই ছয় দল ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দেশ কোয়ার্টার ফাইনালে উঠবে।
প্রতিদিন দুটি করে ম্যাচ হবে—প্রথম খেলাটি স্থানীয় সময় সকাল ১০টা আর বাংলাদেশ সময় সকাল ছয়টায় হবে, পরের ম্যাচ স্থানীয় সময় বেলা দুইটা আর বাংলাদেশ সময় বেলা ১১টায় হবে।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৮ সেপ্টেম্বর। বেলা ১১টায় ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে—সেটি এখনো ঠিক হয়নি। ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া আর ওমানের মধ্যে চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে আগামী ১ অক্টোবর বেলা ১১টায় সেমিফাইনাল। ফাইনাল ৩ অক্টোবর।
এশিয়ান গেমসে প্রথম ক্রিকেট হয়েছিল ২০১০ সালে, সেবার আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ছেলেদের ইভেন্টে সোনা জিতেছিল বাংলাদেশ। পরে ২০১৪ ও ২০২৩ সালেও ক্রিকেট খেলা হয়েছিল। হাংঝুতে সর্বশেষ আসরে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয় ভারত। আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ার পর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সোনা জেতে তারা।
এবারও নিয়ম আগেরবারের মতো থাকছে। নকআউট খেলা যদি কোনো ফল ছাড়া পরিত্যক্ত হয়, তাহলে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ওপরে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
১৪টি ম্যাচই নাগোয়ার উপকণ্ঠে নিসিন শহরে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে হবে। এই মাঠেই এশিয়ান গেমসের নারী ইভেন্টও অনুষ্ঠিত হয়েছে। ম্যাচগুলো হবে হাইব্রিড পিচে। ২৪ সেপ্টেম্বর থেকে সেখানে ঝড়ের পূর্বাভাস আছে।