সিরিজ জয়ের পর বাংলাদেশ দল।
সিরিজ জয়ের পর বাংলাদেশ দল।

১০ উইকেটে জয়ের পর ২৬ রানে নেই ৬ উইকেট: বাংলাদেশের সেই ঐতিহাসিক সিরিজ জয়

যেকোনো টেস্ট জয় বিশেষ কিছু। আর সেটা যদি হয় পাকিস্তানের মতো দলের বিপক্ষে তাদেরই মাটিতে, তাহলে তো কথাই নেই। এক বছর আগে এই দিনে বাংলাদেশ দল পাকিস্তানে শুধু একটি টেস্ট জেতেনি, দুই ম্যাচের টেস্ট সিরিজও ২–০–তে জয় নিশ্চিত হয়েছিল। সেই সিরিজ শুরুর আগে টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো জয় ছিল না।

রাওয়ালপিন্ডির উইকেটের কথা ভেবে প্রথম টেস্টে চার পেসার নিয়ে দল সাজায় পাকিস্তান। বাসিত আলীর মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটার ভবিষ্যদ্বাণী করেন, বৃষ্টি ছাড়া কেউ বাঁচাতে পারবে না বাংলাদেশকে। কিন্তু ফল হয়েছিল উল্টো; পাকিস্তানকে ধবলধোলাই হওয়া থেকে কেউ বাঁচাতে পারেনি। ঐতিহাসিক সেই টেস্ট সিরিজ জয়ের গল্প বর্ষপূর্তিতে তাই আরেকবার বলা যেতেই পারে।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ৬ উইকেটে ৪৪৮ রানে ঘোষণা করেন প্রথম ইনিংস। ১৬ রানে ৩ উইকেট হারাচনোর পর মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল করেন সেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম খেলেন ১৯১ রানের মহাকাব্যিক এক ইনিংস। সঙ্গে সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ৫৬৫ রান করে ১১৭ রানের লিড নেয় বাংলাদেশ।

১৯১ রানের ইনিংস খেলেন মুশফিক।

পাকিস্তানকে তাঁদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনাররা ১৪৬ রানে অলআউট করার পর জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রান। মিরাজ নেন ৪ উইকেট, সাকিব নেন ৩টি। ৩০ রান বাংলাদেশের দুই ওপেনার সাদমান ও জাকির সহজেই করে ফেলেন।

প্রথম টেস্টে বাংলাদেশের জয় অনেকে ‘ফ্লুক’ হিসেবে দেখেছিলেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সেই ধারণাই সত্যি হওয়ার পথে ছিল। তবে মিরাজ ও লিটনের ১৬৫ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরায়। মিরাজ ৭৮ রান করে আউট হন। কিন্তু লিটন ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে নিয়ে যান ২৬২ রানে। তার আগে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ২৭৪ রান। পাকিস্তান মাত্র ১২ রানের লিড পায়।

২৬ রানের ৬ উইকেট হারানোর পর ১৬৫ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন মিরাজ ও লিটন।

হাসান মাহমুদ ও নাহিদ রানার দারুণ বোলিংয়ে পাকিস্তানকে তাদের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। লক্ষ্যটা শেষ দিনের দ্বিতীয় সেশনে ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় নাজমুল হোসেনের দল। তাতে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করার গৌরব অর্জন করে বাংলাদেশ। প্রথম দলটি ইংল্যান্ড, ২০২২ সালে পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল তারা।

প্রথম ইনিংসে ২৬ বা এর চেয়ে কম রানে প্রথম ৬ উইকেট খোয়ানোর পর টেস্ট জেতা তৃতীয় দল হয় বাংলাদেশ। ১৮৮৭ সালে সিডনিতে ১৭ রানে ৬ উইকেট খোয়ানো ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এরপর ১৯৯৯ সালে কলকাতায় ২৬ রানে ৬ উইকেট খোয়ানোর পরও ভারতকে হারায় পাকিস্তান।

দ্বিতীয় টেস্টে ১৩৮ রান করা লিটন হন ম্যাচসেরা, আর মিরাজ হন সিরিজসেরা। ব্যাট হাতে ১৫৫ রানের সঙ্গে ১০ উইকেটও নেন মিরাজ। তবে পুরো সিরিজেই বাংলাদেশ খেলে দল হিসেবে। দলীয় পারফরম্যান্সেই বাংলাদেশ জেতে ঐতিহাসিক সিরিজ।