ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলামে রীতিমতো কাড়াকাড়িই শুরু হয়েছে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে। কয়েকটি দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত দুই কোটি ত্রিশ লাখ পয়েন্টে শরীফুলকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিন আহমেদকে দলে নিয়েছে ওয়ালটন। আর জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন।
রাজধানীর শেরাটন হোটেলে ডি–থ্রি ট্রফির নিলাম চলছে। নিলামে অংশ নিয়েছে ৬টি দল, ডাকা হচ্ছে ২৭৫ জন ক্রিকেটারকে। এ বছরের ডিসেম্বরে তিন সংস্করণের ডি থ্রি টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।
নিলাম থেকে প্রায় দুই কোটির কাছাকাছি পয়েন্টে দল পেয়েছেন সাইফ হাসানও। জাতীয় দলের ওপেনারকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস। অন্যদের মধ্যে জাকের আলী ১ কোটি ৭০ লাখ পয়েন্টে বিক্রি হয়েছেন সিটিজেন ব্যাংকে।
নিলাম চলছে পয়েন্টের ভিত্তিতে। এটি খেলোয়াড়দের দাম নয়। পারিশ্রমিক হিসেবে বিসিবির নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফিই পাবেন ক্রিকেটাররা। তবে প্রত্যেকটি দলের জন্য ১০ কোটি পয়েন্টের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সীমা মেনেই দল গঠন করছেন তারা।
মোট পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে খেলোয়াড়দের। ‘এ’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য ধরা হয়েছে।