
আলোচনার সবটাই ছিল ব্যাটসম্যান শান মাসুদকে ঘিরে। এশিয়া কাপের দলে কেন তিনি নেই, সেই প্রশ্নের উত্তরই খুঁজেছেন ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষকেরা। শান মাসুদের মতো এশিয়া কাপের দলে সুযোগ মেলেনি পেসার শাহনেওয়াজ দাহানিরও।
তবে তাঁকে নিয়ে যেন কোনো আলোচনাই নেই, অন্তত দাহানি সেটাই মনে করেন। যে কারণে টু্ইটে সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষকদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন এই পেসার। এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের টু্ইটের ‘আপত্তিকর’ জবাবও দিয়েছেন তিনি। পরে এই দুটি টুইট ‘ডিলিট’ করলেও শাস্তির মুখে পড়তে পারেন দাহানি।
দাহানির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০২১ সালে। পাকিস্তানের এই পেসার এখন পর্যন্ত খেলেছেন ২টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি। সর্বশেষ এশিয়া কাপের দলে ছিলেন এই পেসার, সেটা অবশ্য ছিল টি-টোয়েন্টি সংস্করণে। পাকিস্তানের হয়ে দাহানি সর্বশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে। আর সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের আগস্টে। অর্থাৎ চলতি বছরে পাকিস্তানের হয়ে মাঠেই নামতে পারেননি দাহানি। চোটের কারণে খেলতে পারেননি সর্বশেষ পিএসএলও।
চোট কাটিয়ে মাঠে ফিরে খুব একটা সুবিধা করতে পারেননি দাহানি। গত জুলাইয়ে পাকিস্তানের ইমার্জিং এশিয়া কাপে একটি ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। বাকি দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। এর আগে শাহিনসের হয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি। বর্তমানে দাহানি খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। সেখানে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে তিনি নিয়েছেন মাত্র ৩ উইকেট, প্রতিটি ম্যাচেই রান খরচ করেছেন ৩৫–এর বেশি। এরপরও হয়তো এশিয়া কাপের দলে থাকার প্রত্যাশা করেছিলেন দাহানি। তাই দলে না থাকাটা ভালোভাবে নিতে পারেননি এই পেসার।
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ গতকাল এক টুইটে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহসহ বেশ কয়েকজন পেসারের লিস্ট ‘এ’ ক্রিকেটের পরিসংখ্যান তুলে ধরেন। সেখানে দলে না থাকা তরুণ পেসার জামান খানের পরিসংখ্যান থাকলেও ছিল না দাহানিরটা। এখানে নাম না থাকাটা সহজভাবে নিতে পারেননি দাহানি। টুইটের জবাব তিনি দিয়েছেন এভাবে, ‘মনে হচ্ছে দাহানি পাকিস্তানি পেসার নয়।’
আরেকটি টুইটে দাহানি তাঁর বাদ পড়া নিয়ে কথা না বলায় সাংবাদিকদের সমালোচনা করেন। এমনকি ক্রীড়া সাংবাদিকতার মৃত্যুর ঘোষণাও দিয়েছেন তিনি, ‘একজন সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষকেরও নির্বাচকদের পরিসংখান দেখানো ও জিজ্ঞাসা করার সাহস হলো না। “রেস্ট ইন পিস, ক্রীড়া সাংবাদিকতা”।’
দাহানি টু্ইট দুটি ডিলিট করে দিলেও পিসিবির শাস্তির মুখে পড়তে পারেন এই পেসার, জানিয়েছে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম।