সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন

নাজমুল বললেন মাফ করে দেন আমাকে

এই নাজমুল হোসেনকে আর পায় কে!    

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে করেছেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিটা হতে হতে হয়নি! করেছেন ৮৭ রান। তাতে হয়েছেন ম্যাচসেরা। সঙ্গে জয়ী দলের অধিনায়কও তিনি।

তবে এত এত অর্জনের পরও বাংলাদেশ অধিনায়ক পা রাখছেন মাটিতে। এর প্রমাণ? এই যে সংবাদ সম্মেলনে স্যার ডন ব্র্যাডম্যান, জর্জ হেডলির সঙ্গে তুলনাতে তাঁর উত্তর!

ফিফটিকে সেঞ্চুরিতে অনূদিত করার সামর্থ্যে সম্প্রতি নাজমুলের সঙ্গে তাদের তুলনাটা এসেছে। আর আসাটাই স্বাভাবিক। ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের তালিকায় যে নাজমুল বসে আছেন স্যার ডন ব্র্যাডম্যান, জর্জ হেডলির পরই। এদের মতো নাজমুলের ফিফটি মানেই সেঞ্চুরি!

স্যার ডন ব্র্যাডম্যান

টেস্টে ৬৯ শতাংশ ফিফটিকেই সেঞ্চুরিতে রূপ দিতে পেরেছেন ডন ব্র্যাডম্যান। ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে তাঁর সেঞ্চুরিই ২৯টি। হেডলির ১৫টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসের মধ্যে সেঞ্চুরিই ১০টি, শতাংশের হিসাবে ৬৬.৭০। নাজমুলের ক্ষেত্রে এটি ৬০ শতাংশ, ১৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের ৯টিকেই সেঞ্চুরিতে রূপান্তর করতে পেরেছেন নাজমুল।

সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই বিনয়ের হাসি হেসে নাজমুলের আত্মসমর্পণ, ‘আপনি যে দুইটা নামের কথা বলেছেন, তা আমার সঙ্গে যায় না একদম। মানে মাফ করে দেন আমাকে।’  

নাজমুলের সেঞ্চুরি করার শতাংশে উন্নতি হতে পারত আরও। ওই যে আজ আউট হয়েছেন ৮৭ রানে! আজ সেঞ্চুরিটা হয়ে গেলে তিনবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ডে ভাগ বসাতেন তিনি। এই কীর্তি আছে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের।