চমৎকার শুরুর পরও মাঝের ওভারে নিয়ন্ত্রণ হারানোয় স্কোরবোর্ডে যথেষ্ট রান তোলা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। ভারতের বিপক্ষে জয়ী হতে ৩০০ রানের বেশি প্রয়োজন ছিল। পুনের উইকেটে তা সম্ভবও ছিল। অথচ প্রথম উইকেট পতনের পর বাংলাদেশ কেন যেন নিজেদের গুটিয়ে নিল এবং ক্রমাগত উইকেট হারানোর মধ্য দিয়ে মোমেন্টামটাও হারিয়ে ফেলল! সাকিব না থাকায় বাংলাদেশকে পাঁচ বোলার নিয়ে খেলতে হয়েছে। তবে মিরাজকে কেন চারে আসতে হবে, তা বোঝা গেল না। ম্যাচ জেতার জন্য যতটুকু মরিয়া হয়ে খেলা প্রয়োজন ছিল, সেটি এই ম্যাচেও দেখিনি।
ক্যারিয়ারের প্রথম পঞ্চাশোর্ধ রানের জন্য অভিনন্দন। তবে এটি যথেষ্ট নয়। ম্যাচ জয়ে সরাসরি ভূমিকা রাখতে চাইলে ইনিংস বড় করতে হবে। ইতিবাচক মানসিকতা ভালো লেগেছে।
ভালো ইনিংস, তবে দলের বড় স্কোরের জন্য আরও দীর্ঘ সময় উইকেটে থাকা জরুরি ছিল। আশা করি, কালকের ইনিংস তাকে আরও কার্যকর ইনিংস খেলতে উদ্বুদ্ধ করবে।
এভাবে এলবিডব্লু হওয়া এই প্রথম নয়। প্রথমত, সামনের পায়ে খেলার বল পেছনের পায়ে খেলেছে এবং টেকনিকও যথেষ্ট মসৃণ ছিল না। ব্যাটিং কোচের দৃষ্টি আকর্ষণ করছি।
দুর্দান্ত একটা ক্যাচে আউট হয়ে গেল। তবে এই মুহূর্তে মিরাজের মিডল অর্ডারে খেলা মেনে নিতে পারছি না। ভালো বোলিং করে ২টি উইকেটও আদায় করে নিয়েছে।
ওর আক্রমণাত্মক মানসিকতা, মাঠজুড়ে খেলা, দ্রুত রান করতে চাওয়া—এসবই হৃদয়কে সবার থেকে আলাদা করে তুলেছিল। সেই হৃদয়কে দেখতে পাচ্ছি না।
বেশ স্বচ্ছন্দে খেলছিল। শেষ পর্যন্ত থাকলে দলীয় স্কোর ২৮০ বা তার চেয়েও বেশি হতে পারত। ম্যাচ জিততে চাইলে মুশফিককে আরও কার্যকর ইনিংস খেলতে হবে।
সেরা ইনিংসটা এল মাহমুদউল্লাহর হাত ধরেই। নয়তো বাংলাদেশের দলীয় রান আরও ২০ কম হতে পারত। ম্যানেজমেন্টকে এখন ভাবতে হবে সামনের ম্যাচগুলোতে মাহমুদউল্লাহর সেরা ব্যবহার কীভাবে হতে পারে। দারুণ ক্যাচের জন্য ১ বোনাস।
ভালো ব্যাটিং করেছে। তবে খেলার অবস্থা বিবেচনায় মাহমুদউল্লাহর সঙ্গে জুটিটা আরও বড় করার চেষ্টা করা উচিত ছিল। বোলিং সন্তোষজনক।
এই রানের পরও ম্যাচ জিততে হলে নতুন বলে উইকেট দরকার ছিল। তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
শুরুতেই কিছু বাউন্ডারির বল দিয়ে ভারতকে চাপমুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। আগের ম্যাচের ফর্মটা এ ম্যাচে ধরে রাখতে পারেনি। মোস্তাফিজের মতো সে–ও শুরুতে ব্রেকথ্রু এনে দিতে ব্যর্থ হয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে হয়তো কিছুটা চাপে ছিল। তবে লাইন-লেংথের ক্ষেত্রে কিছুটা অনুমেয় মনে হয়েছে। ভালো ব্যাটিং উইকেটে আরও শৃঙ্খলা দরকার।