
একজন বোলার কতটা ভালো, সেটি কি শুধু সাম্প্রতিক দু-তিনটি ম্যাচ দিয়ে বিচার করা যায়? নাকি অতীতের পারফরম্যান্স, অভিজ্ঞতা আর দলের প্রতি অবদানও বিবেচনায় রাখা উচিত? ভারতের টেস্ট দল নির্বাচন নিয়ে এখন এই প্রশ্নই বড় হয়ে উঠেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে মোহাম্মদ সিরাজকে না রাখায় বিতর্ক চলছে দুই দিন ধরে। এবার ভারতের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তাঁর অভিযোগ, সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা কিংবা অতীতের পারফরম্যান্সকে যথেষ্ট গুরুত্ব দেয় না বর্তমান টিম ম্যানেজমেন্ট।
২০২৫ সালে ইংল্যান্ড সফরে ভারতের সেরা বোলার ছিলেন সিরাজ। সেই সিরাজকেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রাখেনি ভারত। তাঁর জায়গায় খেলানো হচ্ছে যশপ্রীত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও অংশুল কম্বোজকে।
কাইফের মতে, বর্তমান টিম ম্যানেজমেন্টের কাছে সিনিয়রিটির মূল্য নেই। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, ‘এই ম্যানেজমেন্টের অধীন এমন ঘটনা খুবই স্বাভাবিক। দু-তিনটি ম্যাচে খারাপ খেললেই প্রশ্নের মুখে পড়তে হয়। এই দলে শচীন টেন্ডুলকার থাকলেও দু-তিনটি ম্যাচ খারাপ খেললে তাঁকে নিয়েও প্রশ্ন উঠত। হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো।’
কাইফ আরও বলেন, ‘এই ম্যানেজমেন্ট কখনো সিনিয়রিটিকে গুরুত্ব দেয়নি। কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব... এমনকি মোহাম্মদ শামিকেও ফেরানো হয়নি। সিনিয়রদের কখনো সম্মান দেখায়নি এই টিম ম্যানেজমেন্ট। তাদের কথা হলো, তুমি সিনিয়র হতে পারো, কিন্তু এখন কী করেছ? সিরাজের ক্ষেত্রেও সেটাই হয়েছে।’
তবে শ্রীলঙ্কার বিপক্ষে গত আগস্টে টেস্ট সিরিজে সিরাজের পারফরম্যান্স ভালো ছিল না, সেটিও মনে করিয়ে দিয়েছেন কাইফ। দুই টেস্টে ৪ উইকেট পেয়েছিলেন এ পেসার। কাইফ বলেন, ‘আমি জানি, শ্রীলঙ্কায় সে ভালো করেনি। তার গতি কমে গিয়েছিল। এশিয়ায় উইকেট নেওয়ার ক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাই ছিলেন ভারতের ভরসা। কলম্বোয় বেশির ভাগ ওভার করেছেন জাদেজা ও মানব সুতার।’
সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও কোচ রবি শাস্ত্রীও। সামাজিক যোগাযোগমাধ্যমে শাস্ত্রী লিখেছেন, ‘আশা করি, ভারত শক্তভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু যদি গতি, দক্ষতা ও সিম মুভমেন্টই বিবেচনার বিষয় হয়, আর ১৪০ কিলোমিটার গতিতে বল করাটা যদি কঠিন হয়ে থাকে, তাহলে প্রশ্ন জাগে, মোহাম্মদ সিরাজ কোথায়? অভিজ্ঞতা, আগ্রাসন এবং বল হাতে ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা। এগুলোর কি কোনো মূল্য নেই?’
গাভাস্কারের বিস্ময়টা আরও স্পষ্ট। সম্প্রচারকারী চ্যানেলকে ভারতীয় কিংবদন্তি বলেন, ‘এটা অবাক হওয়ার মতো নয়, বরং বিস্ময়কর। তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তাকে ওয়ানডে দলে নেওয়া হয়েছিল, কিন্তু খেলানো হয়েছে শুধু শেষ ম্যাচে। ভেবেছিলাম, প্রথম টেস্টের প্রস্তুতি হিসেবেই তাকে খেলানো হচ্ছে।’
গাভাস্কার যোগ করেন, ‘একাদশে তাকে না দেখে অবাক হয়েছি। আমার মনে হয় না, সে কখনো ভারতকে হতাশ করেছে। তার বোলিংয়ে এমন কিছু ঘটেনি, যার জন্য তাকে বাদ দিতে হবে।’