৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নেন তামিম ইকবাল
৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নেন তামিম ইকবাল

বিসিবি নির্বাচন নিয়ে তামিমদের সঙ্গে কথা বলেছে আইসিসির প্রতিনিধি দল

৭ মে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন, অর্থাৎ হাতে এক সপ্তাহ সময়ও নেই। নির্বাচনপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে আজ ঢাকায় এসেছেন আইসিসির দুই প্রতিনিধি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুলানি।

একটি সূত্র জানিয়েছে, ঢাকায় এসে আজই তাঁরা কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গে। মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তামিম, ফাহিম সিনহা ফোনই ধরেননি। শুধু আহ্বায়ক কমিটি নয়, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির আগের কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন আইসিসির প্রতিনিধিরা।

আগামীকাল সকালে একটি হোটেলে হতে যাওয়া এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছিল সাবেক বিসিবি সভাপতি আমিনুলকেও। তবে তিনি অস্ট্রেলিয়ায় থাকায় তাঁর হয়ে বৈঠকে ওই বোর্ডের কয়েকজন পরিচালক যোগ দেবেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে আসিফ আকবর ও এম নাজমুল ইসলামের থাকাটা চূড়ান্ত। আগামীকাল বিসিবির নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গেও বসার কথা রয়েছে আইসিসির প্রতিনিধিদের।

বিসিবি নির্বাচনের জন্য ই–ব্যালট প্রদান শুরু হয়েছে আজ। ঢাকার ক্লাবগুলোর ক্যাটাগরি–২ থেকে ৩৯ জন ও জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো থেকে তিনজন ভোটার ই–ব্যালটের জন্য আবেদন করেছেন।

২৩ পরিচালকের মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির বেশির ভাগ পরিচালকই নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচন হবে শুধু খুলনা ও বরিশাল বিভাগে। এর মধ্যে খুলনায় দুটি পদের জন্য লড়ছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আবদুছ ছালাম। আর বরিশালে একটি পদের জন্য মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী।

ক্লাব ক্যাটাগরির ১২টি পরিচালক পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ১৬ জন। অবশ্য এই প্রতিদ্বন্দ্বিতাও কাগজে–কলমে। সমঝোতার ভিত্তিতে ক্যাটাগরি–২ এ অন্তত ৭–৮ জন প্রার্থীর পরিচালক হওয়া অনেকটা নিশ্চিত বলে জানা গেছে। বাকিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় নেই অন্তত দুজন।

ক্লাব ক্যাটাগরি থেকে কারা পরিচালক হবেন, ভেতরে–ভেতরে সে সমঝোতা প্রক্রিয়া চলামান থাকলেও এবারের বিসিবি নির্বাচনে প্রকাশ্যে কোনো প্যানেল নেই। সূত্র জানিয়েছে, সম্প্রতি একটি হোটেল ক্লাব ক্যাটাগরির ১৬ পরিচালক পদপ্রার্থী এক সভায় বসেছিলেন, যেখানে সবাইকে কোনো প্যানেল ছাড়া ‘ওপেন ইলেকশন’ করার আহ্বান জানিয়েছেন তামিম। বিসিবির নির্বাচন নিয়ে আজ রাতে আরেকটি সভা হওয়ার কথা প্রার্থীদের মধ্যে।