
পাকিস্তান সফরে যুব ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতে ১-০তে এগিয়ে ছিলেন বাংলাদেশের যুবারা। আজ জিতলেই সিরিজ হতে পারত আহরার আমিনদের।
দুই ম্যাচের সিরিজের শেষটিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত শিরোপা ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয়েছে যুবাদের পাকিস্তান সফর।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে ১৬৩ রান করেছিল। ওপেনার জিশান আলম ৪০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। ৯টি চার ও ২টি ছক্কা ছিল জিশানের ১৮২ স্ট্রাইক রেটের ইনিংসে।
দলের বাকি ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার আলি আসফান্দ ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।
রান তাড়ায় পাকিস্তানের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৪৬ রান তুলতেই ৩ উইকেট হারায় স্বাগতিকেরা। এরপর আর বাংলাদেশ দলের বোলারদের পাত্তা দেননি পাকিস্তানের দুই ব্যাটসম্যান সাদ বেগ ও আরাফাত মিনহাজ।
দুজনই অপরাজিত ফিফটি করে ইনিংসের ১০ বল বাকি থাকতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। অধিনায়ক বেগের ব্যাট থেকে এসেছে ৫০ বলে ৭৯ রানের ইনিংস। ৩৭ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন আরাফাত। ম্যাচসেরা হয়েছেন বেগ।
সফরের শুরুতে বাংলাদেশের যুবারা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচ ড্র করেছিল। এরপর তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০ নভেম্বর যুবাদের দেশে ফেরার কথা।