এবারের আইপিএলে উইকেট পাচ্ছেন না যশপ্রীত বুমরা
এবারের আইপিএলে উইকেট পাচ্ছেন না যশপ্রীত বুমরা

বুমরার ক্যারিয়ারে এমন কিছু ঘটল আট বছর পর

আইপিএল শুরুর আগে যশপ্রীত বুমরা সর্বশেষ টি–টুয়েন্টি খেলেছেন বিশ্বকাপে। গত ৮ মার্চ আহমেদাবাদে টি–টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ভারতের বিশ্বকাপ জয়ের বুমরার এই বোলিং কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা বোঝা যায় তাঁর ফাইনাল–সেরা হওয়ার পুরস্কারে।

শুধু টি–টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালই নয়, যেকোনো দলেই বুমরা হচ্ছেন অধিনায়কের জন্য উইকেটশিকারি বোলার। টি–টুয়েন্টিতে ইনিংসের শেষ দিকে তো নিয়মিত বোলিং করেনই, অনেক সময় জুটি ভাঙতে ইনিংসের মাঝেও তাঁর হাতে বল তুলে দেওয়া হয়। সে আস্থার প্রতিদানও বুমরা দিনের পর দিন দিয়ে যাচ্ছেন।

তবে ২০২৬ আইপিএলে দেখা যাচ্ছে ব্যতিক্রম এক ঘটনা। টানা তিন ম্যাচে একটা উইকেটও পাননি বুমরা। কোনো ধরনের টি–টুয়েন্টিতেই বুমরার এমন ‘খারাপ সময়’ গত আট বছরে দেখা যায়নি। আইপিএলে তো এমন কিছু ঘটল পাক্কা ১০ বছর পর।

বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত খেলার স্মৃতি নিয়ে মাঠে বুমরা আইপিএলে এখন পর্যন্ত খেলেছেন কলকাতা, দিল্লি ও রাজস্থানের বিপক্ষে। প্রথম দুটিতে চার ওভার আর বৃষ্টিবিঘ্নিত পরেরটিতে তিন ওভার বোলিং করেছেন। কিন্তু একটিতেও উইকেট পাননি বুমরা। ৩২ বছর বয়সী এই পেসারের টি–টুয়েন্টি ক্যারিয়ারে টানা তিন বা তার বেশি উইকেট না পাওয়ার ঘটনা ঘটল মাত্র চতুর্থবার। তবে আগের তিনটিই ছিল তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে।

বুমরা প্রথমবার টানা চার ম্যাচে উইকেট পাননি ২০১৪ আইপিএলে। সেবার চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা ও রাজস্থানের বিপক্ষে মোট ১৪ ওভার করে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয়বার টানা তিন ম্যাচে উইকেট পাননি ২০১৬ সালে। সে বছরেরই জানুয়ারিতে আন্তর্জাতিক টি–টুয়েন্টি অভিষেক হয়েছিল তাঁর। পরে মে মাসে আইপিএলে হায়দরাবাদ, বেঙ্গালুরু ও পাঞ্জাবের বিপক্ষে উইকেটহীন ছিলেন।

অর্ধযুগের বেশি সময় টানা তিন ম্যাচ উইকেটশূন্য ছিলেন না বুমরা

ম্যাচের পর ম্যাচ উইকেট না পাওয়ার তেতো অভিজ্ঞতা বুমরার সর্বশেষ হয়েছিল ২০১৭–১৮ মৌসুমে। তবে ভিন্ন দুটি সিরিজে। ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে মোট ৫ ওভার করে উইকেটশূন্য ছিলেন। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নিজের প্রথম ম্যাচে উইকেট পাননি।

২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল—মাঝে ৮ বছরের বেশি সময় বুমরাকে আর টানা তিন ম্যাচ উইকেটবিহীন থাকতে হয়নি। আর এ সময়েই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ও সফল বোলার হয়েছেন, যাঁকে কেউ কেউ ‘এ যুগের বোলিংয়ের ব্র্যাডম্যান’ও আখ্যা দিয়েছেন।

১৪৮ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে বুমরার উইকেটসংখ্যা মোট ১৮৩টি, যার মধ্যে ম্যাচে ৪ উইকেট আছে তিনবার, ৫ উইকেট দুবার। এ ছাড়া ৯৫ আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে তাঁর উইকেট ১২১টি, ৪ উইকেট একবার।