বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম
বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম

বিশ্ব চ্যাম্পিয়ন শরীফুল যখন আসল বিশ্বকাপে

যে অভিজ্ঞতা বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের নেই, সেটা আছে পেসার শরীফুল ইসলামের। ২০২০ সালে তিনি পেয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। এবারের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া বাংলাদেশ দলে আছেন সেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের আরও তিনজন—তানজিদ হাসান, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়।

যে অভিজ্ঞতা দলের সিনিয়র খেলোয়াড়দেরও নেই, সেটার অভিজ্ঞতা কেমন বা বিশ্বকাপ জিততে কী লাগে, হোক তা ছোটদের; এসব নিয়ে কি ড্রেসিংরুমে কথা বলেন এই চারজন! সেমিফাইনালের লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে ভারত যাওয়া সাকিব–মুশফিকরাই–বা কি শরীফুল–তানজিদ–তানজিম–হৃদয়দের কাছে জানতে চান তাঁদের অভিজ্ঞতার কথা?

ওয়ানডে বিশ্বকাপ, শরীফুল যেটাকে বলছেন মূল বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ দলের সেরা সাফল্য ২০০৭ সালে সুপার এইট আর ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে খেলা। তবে ছোটদের বিশ্বকাপ, মানে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে চূড়া ছুঁতে পেরেছে বাংলাদেশ। চূড়া ছোঁয়া সেই দল থেকে সবার আগে জাতীয় দলে সুযোগ পান শরীফুল।

উইকেট পাওয়ার পর সতীর্থের সঙ্গে শরীফুলের উদ্‌যাপন

আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ জেতার পর আজ শরীফুল মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। মিক্সড জোনে এই পেসারের কাছে জানতে চাওয়া হয়েছিল অনূর্ধ্ব–১৯ আর মূল বিশ্বকাপের পার্থক্য নিয়ে। জিজ্ঞেস করা হয়েছিল, সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া দলের সবার সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগাভাগি করেন কি না।

দুই বিশ্বকাপের পার্থক্যের কথা বলতে গিয়ে শরীফুল বলেছেন, ‘এটা তো ওয়ানডে বিশ্বকাপ। আসল বা মূল বিশ্বকাপ।’ একজন পেসার হিসেবে তিনি তুলে এনেছেন দুই বিশ্বকাপের ব্যাটসম্যানদের পার্থক্যটাও, ‘এখানে সব বিশ্বমানের ব্যাটসম্যান ব্যাট করে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আছে, কিন্তু অতটা নয়। এখানে প্রতিটা দলের প্রতিটা ব্যাটসম্যানই খুব ভালো।’

ড্রেসিংরুমে ২০২০ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ নিয়ে আলোচনা প্রসঙ্গে শরীফুলের কথা, ‘ওই বিশ্বকাপের চারজন আছি আমরা। আমরা সেখানে ভালোভাবেই শুরু করেছিলাম। ওই বিশ্বকাপের মতো এখানেও একই রকম আছে (শুরুটা ভালো হয়েছে)। সেই বিশ্বকাপের মতো এখানেও আমরা উপভোগ করছি। সবাই বন্ধুর মতো আছি।’ এরপর বললেন একটা প্রত্যাশার কথাও, ‘২০২০ সালের মতো একইভাবে শেষ করতে চাই। দেখা যাক কী হয়। আপাতত আমরা প্রতিটা ম্যাচ ধরে এগোব।’

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী শরীফূল এবার খেলছেন ওয়ানডে বিশ্বকাপে

ড্রেসিংরুমের আলোচনা প্রসঙ্গে অধিনায়ক সাকিবের দেওয়া অনুপ্রেরণার কথাই বললেন শরীফুল, ‘সাকিব ভাই আমাদের সব সময় গাইড করেন। উনি আমাদের সব সময় বলেন, তোমাদের হারানোর কিছু নেই। তোমরা যেটা অনুশীলনে শিখে এসেছ, সেটাই এখানে করবে, সফল হবে।’

দুই বিশ্বকাপের বাংলাদেশ দলের একটি ভাবনায় অবশ্য মিল দেখেন শরীফুল, ‘আমরা যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম, প্রতিটি ম্যাচ ধরে চিন্তা করেছি। এখানেও একটা একটা করে ম্যাচ ধরে চিন্তা করছি।’