যা ইচ্ছে, তাই যেন করছেন থারিন্দু রত্নায়েকে। ২৭ বলে ফিফটি পেয়েছেন। শেষ ৫ ওভারে এসেছে ৮৩ রান। একের পর এক বাউন্ডারি আসছে, বাংলাদেশ যেন অসহায়ই হয়ে পড়েছে!
বলতেই বলতেই রত্নায়েকে আউট করেছেন মোস্তাফিজ। তবে রিশাদের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৫ রান করে ফেলেছেন।
শ্রীলঙ্কা: ১৮.১ ওভারে ১৪৭/৬
পাকিস্তানের বিপক্ষে ১ ওভারেই ২৩ রান দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের জন্য ম্যাচটাও শেষ হয়ে গিয়েছিল সেখানেই। আজ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসের ব্রোঞ্জের লড়াইয়ে মোস্তাফিজই দলের একমাত্র পেসার।
তাঁকে ইনিংসের ১৪ ওভারে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক লিটন দাস। কিন্তু আজ তিনি ছাড়িয়ে গেলেন আগের ম্যাচকেও। এক ওভারেই দিয়েছেন ২৫ রান। অথচ তাঁর আগে যে ১৩ ওভার বোলিং হয়ে গেছে, শুধু পার্ট টাইমার সাইফ হাসান ছাড়া কেউই ছয়ের উপর রান দেননি।
প্রথম দুই বলে চার হজম করার পর বাকি চার বলের তিনটিই ডট করেন, বাকি একটিতে হজম করেন ছক্কা। কিন্তু নো বল–ওয়াইড মিলিয়ে ২৫ রান দিয়ে ফেলেছেন মোস্তাফিজ।
শ্রীলঙ্কা : ১৪. ৫ ওভারে ১০৪/৫
জুটিটা একটু একটু করে অস্বস্তিই বাড়াচ্ছিল। এবার তা ভেঙে দিয়েছেন রিশাদ। তাঁর বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন ২৪ বলে ১৮ রান করা বান্দারা। রিশাদের লাফিয়ে ওঠা বলে সুইপ করতে গেলে টাইমিংটা ঠিকঠাক হয়নি, ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান। আরচাগের সঙ্গে বান্দারের জুটি ছিল ৪০ বলে ৩৩ রানের।
শ্রীলঙ্কা: ১০.২ ওভারে ৫৩/৪
৩.৫ ওভারে ২১ রানেই ছিল ৪ উইকেট। সেখান থেকে এখন ১০ ওভারশেষে তাদের রান ৫৪, উইকেট ওই চারটিই। ইনিংসের মাঝপথে এসে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে শ্রীলঙ্কা। আরাচাগে ও বান্দারে মিলে তাদের লড়াই করার পুঁজি এনে দেওয়ার পথে তুলেছেন। দুজনের ৩৭ বলের জুটিতে এসেছে ৩০ রান।
এবার আলিস আল ইসলামের ওভারেও এল দুই উইকেট। দুটিই অবশ্য তাঁর নয়। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফার্নান্দোকে ক্যাচ দিতে বাধ্য করেন উইকেটের পেছনে। সেটিই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট আলিসের। এই ওভারের পঞ্চম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে গেছেন সোহান ডি লিভেইরা।
শ্রীলঙ্কা: ৪ ওভারে ২১/১
প্রথম ওভারটা করেছিলেন মেহেদী হাসান, কোনো বাউন্ডারি দেননি। পরের ওভারে বাউন্ডারি হজম করেননি অভিষিক্ত আলিস আল ইসলামও। তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেটের দেখা পেয়ে গেছে বাংলাদেশ। ৯ বলে ৩ রান করা সিনাথ জয়াসুরিয়াকে বোল্ড করে দিয়েছেন মেহেদী। একই ওভারের পঞ্চম বলে ক্রসপুল্লে ক্যাচ দিয়েছেন ইয়াসিরের হাতে। এক ওভারেই ২ উইকেট পেলেন মেহেদী।
শ্রীলঙ্কা: ২.১ ওভারে ৭/১
টস হেরে গেছে বাংলাদেশ। তাদের আগে ফিল্ডিং করতে হবে। সেমিতে বৃষ্টির বাধায় ম্যাচ হয়েছিল ১৩ ওভারে, আজ সেটি হচ্ছে না। ম্যাচ হচ্ছে পুরো ২০ ওভারের।
বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হচ্ছে রহস্য স্পিনার আলিস আল ইসলামের। তাঁকে জায়গা দিতে একাদশে নেই শরীফুল ইসলাম। আজ দলের একমাত্র পেসার আগের ম্যাচে ২ ওভারে ৪১ রান দেওয়া মোস্তাফিজুর রহমান। এছাড়া ইয়াসির আলী খেলছেন মোসাদ্দেক হোসেনের বদলে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান
শুভ সকাল! এখনও অবশ্য বাংলাদেশে ভোর। তবে কারও কারও কাছে তো ক্রিকেট ব্যাপারটাই ‘শুভ’। আর আজ বাংলাদেশ নামছে এশিয়ান গেমসের ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে। গত পরশু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে সেমিতে রীতিমতো বিধ্বস্ত করেছে ভারত।