আইসিসি ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবি সভাপতির। মাঝে পিসিবি চেয়ারম্যান। গতকাল লাহোরে
আইসিসি ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবি সভাপতির। মাঝে পিসিবি চেয়ারম্যান। গতকাল লাহোরে

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল

বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচটি খেলার জন্যও পাকিস্তানকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক সময়ে সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য আইসিসিকেও ধন্যবাদ দিয়েছে বিসিবি।

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা সংকটের কারণে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। এই ঘটনায় বিসিবির প্রতি ‘অন্যায়’ করা হয়েছে দাবি করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা দেয় পাকিস্তান।

বিশ্ব ক্রিকেটের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যেন পাকিস্তান খেলে, এ নিয়ে আলোচনা করতে গতকাল পাকিস্তান যান আইসিসির প্রতিনিধিরা। সেই বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামও।

বিসিবি সভাপতিকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের প্রেক্ষিতে, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি খেলার জন্য আমি পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। এ জন্য তারা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার মতো বড় সিদ্ধান্তও নিয়েছে। এ জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী, তাঁর বোর্ড ও পাকিস্তানের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন আমিনুল।

তিনি বলেছেন, ‘এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে আন্তরিকতা ও সহযোগিতার উদাহরণ রেখেছে, তাতে আমরা গভীরভাবে আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘদিন ধরে সমৃদ্ধ হোক—এই কামনাই করি।’