
দিন দশেক ধরেই মিরপুরে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তাদের সঙ্গে অনুশীলন করছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা ক্রিকেটাররাও। টেস্ট ও টি–টুয়েন্টি দুই দলের ব্যাটিংয়ের তত্ত্বাবধান করছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
তিনি যদিও এশিয়ান গেমসে দলের সঙ্গে যাচ্ছেন না। এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন হচ্ছে, এ নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আশরাফুল। জাপানে খেলার অভিজ্ঞতা এর আগে হয়নি বাংলাদেশের, সেখানে তাই চ্যালেঞ্জটা একটু আলাদা।
আশরাফুল জানিয়েছেন, টিভিতে মেয়েদের ম্যাচ দেখে উইকেট সম্পর্কে ধারণা নিচ্ছেন তাঁরা। জাতীয় দলের ব্যাটিং কোচ মিরপুরে বলেন, ‘জাপানে আমরা মেয়েদের খেলাগুলো দেখলাম, সেখানে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। উইকেটটা সুন্দর ব্যাটে বল আসছে।’
এরপর দল নিয়ে নিজের আশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আশা করি সেখানে ভালো উইকেট হবে, সেভাবেই আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছেন। ভালো উইকেট হলে কীভাবে আমরা ২০০–এর বেশি করতে পারি এবং যদি খারাপ উইকেটও হয়, সেখানে কীভাবে ১৪০-১৬০ করে ম্যাচ জেতা যায়, ওসব পরিকল্পনা করেই আমরা কিছুদিন ধরে অনুশীলন করেছি।’
এশিয়ান গেমসে আজ নারী দলের ফাইনাল হয়ে গেছে, শ্রীলঙ্কাকে হারিয়ে যেখানে সোনা জিতেছে ভারত। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ছেলেদের ইভেন্ট। ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে গেমস শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে হংকং অথবা ওমান।
২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ। এর আগে গতকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ওই ম্যাচে আগে ব্যাট করা দলের ১৪০ রান তাড়া করতে আরেক দল খেলে ১৯.৩ ওভার।
আগামীকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও হবে মিরপুরে। এই ম্যাচে বাকি ব্যাটসম্যানরা ছন্দ খুঁজে পাবেন বলে আশা তাঁর, ‘একটা প্রস্তুতি ম্যাচ বাকি আছে, আশা করব এখানে সবাই তারা তাদের সেরা ছন্দটা নিয়ে আসবেন।’