৭৭ বলে ১১৪ রান করেন আমির জঙ্গু
৭৭ বলে ১১৪ রান করেন আমির জঙ্গু

৪০০ রানের ক্লাবে ওয়েস্ট ইন্ডিজও, রইল বাকি বাংলাদেশ আর পাকিস্তান

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে না–ও জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথমে ব্যাট করে নিজেদের ইতিহাসের নতুন এক কীর্তি গড়ে ফেলেছে শাই হোপের দল। প্রথমবারের মতো ওয়ানডেতে ৪০০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

টসে হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ৫০ ওভারে করেছে ৭ উইকেটে ৪০৫ রান। ওয়ানডেতে ৪০০ রান স্পর্শ করা অষ্টম দল ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ, অল্প কটি দলেরই শুধু ৫০ ওভারের ক্রিকেটে ৪০০ রান তোলা বাকি, যার মধ্যে আছে বাংলাদেশও।

ওয়ানডে ইতিহাসে প্রথমবার ইনিংসে ৪০০ রান দেখা গেছে ২০০৬ সালের মার্চে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। রান তাড়ায় প্রোটিয়ারাও পেরিয়ে যায় ৪০০, এমনকি ইতিহাস গড়ে জিতে যায় ম্যাচও। যা এখন পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

আজ গুয়াহাটিতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটি ছিল ওয়ানডেতে ৩২তম ৪০০। আগের ৩১টির মধ্যে সর্বোচ্চ ৮টি করে ৪০০ করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের ৪০০–এর ইনিংস আছে সাতটি, যার মধ্যে সবচেয়ে বেশি রানের তিনটি ইনিংস তাদেরই (৪৯৮, ৪৮১ ও ৪৪৪)।

প্রথমবার ৪০০ রানের মাইলফলক স্পর্শ করা অস্ট্রেলিয়া অবশ্য পরে আর খুব বেশি তা করতে পারেনি। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের ৪০০ এখন তিনটি। দুটি করে আছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের। একটি করে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের।

শাহ হোপ ও জন ক্যাম্পবেল—সেঞ্চুরি করেছেন দুজনই

আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে ৪০০ নেই শুধু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। এর মধ্যে ৪০০–এর খুব কাছাকাছি গেছে পাকিস্তান। ২০১৮ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটে ৩৯৯ রান তুলেছিল সরফরাজ আহমেদের দল। ইনিংসের শেষ ২ বলে সিঙ্গেলে আটকে না থাকলে ৪০০ হয়ে যাওয়ার পথেই ছিল দলটি।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ৩৪৯ রানের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এসেছিল এই রান। আফগানিস্তানের সর্বোচ্চ গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে করা ৩৪৩/৯। আর আইরিশদের সর্বোচ্চ ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় করা ৩৫৯/৯।

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার ৪০০ স্পর্শ করলেও বল হাতে স্বস্তিতে নেই। গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে বিনা উইকেটেই ২৫০ রান তুলে ফেলেছিল ভারত।