মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি–টুয়েন্টি বিশ্বকাপ ট্রফি
মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি–টুয়েন্টি বিশ্বকাপ ট্রফি

মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ: চট্টগ্রামে ফাইনাল, সিলেটে উদ্বোধনী ম্যাচ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক এবার বাংলাদেশ ও নেপাল। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি আজ প্রকাশ করেছে আইসিসি। সিলেটে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। ৬ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

নেপালের কীর্তিপুর ও মুলপানিতে গ্রুপ পর্ব ও সুপার সিক্সের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে বাংলাদেশের দুটি ভেন্যু এবং নেপালের দুটি ভেন্যুতে এই বিশ্বকাপের মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ দিনের এ টুর্নামেন্টে সিলেট ও চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত হবে ১২টি করে ম্যাচ। মুলপানিতে ৮টি ও কীর্তিপুরে ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনালের পাশাপাশি ৪ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনালও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু ফাইনাল ও সেমিফাইনালের জন্য।

টুর্নামেন্টে উদ্বোধনী দিনে মোট ৮টি দল মাঠে নামবে। সিলেটে ও মুলপানিতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধনী দিনে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট এবং বেলা ১টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি–টুয়েন্টি বিশ্বকাপে এর আগের দুটি আসরে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ

টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, আরব আমিরাত ও নাইজেরিয়া। প্রথম দুটি আসরে শিরোপাজয়ী ভারত পড়েছে ‘এ’ গ্রুপে। সেখানে আয়ারল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রতিদ্বন্দ্বী। ‘বি’ গ্রুপে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড, সামোয়া ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ডি’ গ্রুপে।

প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্সের টিকিট। ‘এ’ ও ‘ডি’ গ্রুপে তিনটি করে মোট ছয় দল নিয়ে হবে সুপার সিক্সে একটি গ্রুপ। ‘বি’ ও ‘সি’ গ্রুপে তিনটি করে মোট ছয় দল নিয়ে হবে সুপার সিক্সের আরেকটি গ্রুপ। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। সুপার সিক্সে দুটি করে ম্যাচ খেলবে সব দল।

আগের দুটি আসরে শিরোপা জিতেছে ভারতের মেয়েরা

‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন ম্যাচই হবে সিলেটে। আরব আমিরাতের মুখোমুখি হওয়ার পর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৫ জানুয়ারি গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ নাইজেরিয়ার বিপক্ষে। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। ইংল্যান্ডকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৫ সালে মালয়েশিয়ায় দ্বিতীয় আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ধরে রাখে ভারতের মেয়েরা। বাংলাদেশ আগের দুটি আসরে সুপার সিক্সে উঠলেও কখনো সেমিফাইনালে খেলতে পারেনি।