
নতুন মালিক পেল আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। প্রায় ১৬৫ কোটি মার্কিন ডলারে (প্রায় ২০ হাজার ২৫০ কোটি টাকা) ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন স্টিল কিং হিসেবে পরিচিত ভারতের প্রভাবশালী ব্যবসায়ী লক্ষ্মী এন মিত্তাল ও তাঁর পরিবার এবং ভ্যাকসিন ব্যবসায়ী ও ধনকুবের আদর পুনাওয়ালা। আজ এক যৌথ বিবৃতিতে এই মালিকানা বদলের খবর জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির প্রায় ৭৫ শতাংশের মালিকানা পাবে মিত্তাল পরিবার। পুনাওয়ালার হাতে থাকবে প্রায় ১৮ শতাংশ। বাকি অংশ থাকবে বিদ্যমান বিনিয়োগকারীদের কাছে, যাঁদের মধ্যে আছেন বিক্রেতা মনোজ বাদালেও। তবে মালিকানা বদলালেও বাদালে আগের মতোই রয়্যালসের বোর্ডে যুক্ত থাকবেন।
শুধু আইপিএল দলই নয়, রাজস্থান রয়্যালসের মালিকানায় আছে দক্ষিণ আফ্রিকার পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ানের বার্বাডোস রয়্যালসও। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ১৬৫ কোটি ডলারের এই চুক্তিতে এই তিনটি ফ্র্যাঞ্চাইজির মোট এন্টারপ্রাইজ মূল্যই ধরা হয়েছে। মানে, সবই এখন নতুন মালিকদের অধীনে চলে যাচ্ছে।
লক্ষ্মী এন মিত্তাল তাঁর এই বিনিয়োগ নিয়ে বেশ উচ্ছ্বসিত। বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি ক্রিকেটকে ভালোবাসি আর আমার পরিবারের শিকড় রাজস্থানে। তাই আইপিএলে রাজস্থান রয়্যালসের চেয়ে প্রিয় দল আমার কাছে আর কোনোটি হতে পারত না।’
অন্যদিকে আদর পুনাওয়ালা বিবৃতিতে জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির দীর্ঘমেয়াদি বিকাশে সহায়তা করতে পেরে তিনি আনন্দিত। তাঁর ভাষায়, ‘রাজস্থান রয়্যালস একটি শীর্ষস্থানীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি, যার রয়েছে গৌরবময় ঐতিহ্য।’
মনোজ বাদালে বলেছেন, ‘মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালাকে রাজস্থান রয়্যালসের নতুন মালিক হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাঁদের আবেগ, রাজস্থান ও ভারতের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে তাঁদের উচ্চাকাঙ্ক্ষা—সব মিলিয়ে তাঁরা হবেন এই দলের আদর্শ অভিভাবক।’
আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর দাম এখন আকাশ ছুঁয়েছে। গত মার্চেই বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৭৭ কোটি ডলারে কিনে নিয়েছিল মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন। সেই রেশ কাটতে না কাটতেই রাজস্থানের এই বিশাল চুক্তি প্রমাণ করছে, ভারতের অর্থনীতির জন্য আইপিএল এখন কতটা গুরুত্বপূর্ণ। ২০২০ সালের এক হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়ের অন্যতম প্রধান উৎস এই লিগ ভারতের অর্থনীতিতে বছরে যোগ করেছিল ১ হাজার ১০০ কোটি ডলারের বেশি।
২০০৮ সালে কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। সেই যে শুরু, এরপর গত ১৮ বছরে আর কোনো ট্রফি রাজস্থানের ক্যাবিনেটে ঢোকেনি। তবে সম্প্রতি বৈভব সূর্যবংশীর আবির্ভাবে আইপিএলের অন্যতম আকর্ষণীয় ও ফেবারিট দল মনে করা হচ্ছে তাদের। এই মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে রাজস্থান। তবে শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্টের।
নতুন মালিকদের হাত ধরে রাজস্থানের সেই দীর্ঘ শিরোপা–খরা কাটে কি না, এখন সেটাই দেখার বিষয়।