বাংলাদেশ থেকে পাকিস্তানে পিএসএল খেলতে গেছেন ছয়জন। এর মধ্যে সবচেয়ে বেশি সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়েছিলেন পারভেজ হোসেন। অন্যরা চলে আসার কথা তাঁর আগে। তবে সেই পারভেজকেই এখন সবার আগে দেশে ফিরে আসতে হচ্ছে।
পিএসএলের দল লাহোর কালান্দারর্স জানিয়েছে, চোটের কারণে এবারের আসরে পারভেজের আর খেলা হচ্ছে না। আজ রাতেই তাঁর ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।
প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া পারভেজ লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। প্রথম দুই ম্যাচে অল্প রানে আউট হলেও তৃতীয় ম্যাচে খেলেছেন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস। সব মিলিয়ে ৩ ইনিংসে ৭১ রান করেছেন ১৬১.৩৬ স্ট্রাইক রেটে।
লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে পারভেজের টুর্নামেন্ট থেকে বিদায়ের খবর জানিয়ে বলা হয়, গত ৩ এপ্রিল লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচের মধ্যে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন পারভেজ।
পিএসএলে খেলার জন্য পারভেজকে ২৫ এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছিল বিসিবি। একই টুর্নামেন্টে খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও তানজিদ হাসান। পাঁচজনই ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন। ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়ায় পরদিনই দেশে ফিরে আসার কথা মোস্তাফিজদের।
লাহোর জানিয়েছে, পারভেজ শনিবার রাতেই ঢাকার উদ্দেশে পাকিস্তান ছাড়বেন।