ফুটবলে যেমন ইতালি, ক্রিকেটে তেমনি ওয়েস্ট ইন্ডিজ।
ইতালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সর্বশেষ তিনটি বিশ্বকাপে বাছাইপর্বের ‘পরীক্ষা’য় ফেল করেছে। ওয়েস্ট ইন্ডিজও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার পথ হারিয়ে এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো তারা নেমে গেল বাছাইপর্বে।
তবে একটু কিন্তু আছে এখানে। ২০২৭ বিশ্বকাপে বাছাই প্রক্রিয়া জানাতে গিয়ে শুরুতে আইসিসি বলেছিল ২০২৭ সালের ৩১ মার্চ হবে র্যাঙ্কিংয়ের কাটঅফ ডেট। কিন্তু সম্প্রতি তারিখটা এগিয়ে এনেছে আইসিসি। নতুন কাটঅফ ডেট আগামী ৩০ সেপ্টেম্বর। আর এতেই সরাসরি বিশ্বকাপ খেলাটা ‘প্রায়’ অসম্ভব হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। উল্টো দিকে নয়ে থাকা বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলাটা ‘প্রায়’ নিশ্চিত হয়ে গেছে।
‘প্রায়’ শব্দটা বসানোর কারণ ভারতের ঝুলে থাকা বাংলাদেশ সফর। ভারত যদি আগামী মাসে বাংলাদেশ সফরে আসে তবে তিনটি করে ওয়ানডে ও টি–টুয়েন্টি খেলবে। সে ক্ষেত্রে ওই তিন ওয়ানডের হিসাবনিকাশও যোগ হবে র্যাঙ্কিংয়ে। তখন বদলেও যেতে পারে সমীকরণ।
বেলফাস্টে গতকাল রাতে আফগানিস্তান–আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্বে অবনমন প্রায় নিশ্চিত হয়ে যায়। এ পরিস্থিতি অবশ্য তাদের জন্য নতুন নয়। ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাছাই খেলতে হয় ক্যারিবিয়ানদের। ’১৯–এর বাছাইপর্ব উতরে মূল পর্বে উঠলেও ’২৩–এ আটকে গিয়েছিল।
আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপে এ নিয়ে টানা চতুর্থবার খেলবে দলটি।
২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে আট নম্বরে। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পয়েন্ট ৮৩।
৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ–ভারত সিরিজ না হলে এ দুটি ম্যাচ জিতলেও তাদের পক্ষে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ওঠা সম্ভব হবে না।
২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে সুপার সিক্সে পঞ্চম হয়ে বিশ্বকাপে খেলার দৌড় থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেবারই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। এর জের ধরেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও জায়গা মেলেনি তাদের।
আগামী ফেব্রুয়ারি–মার্চে হবে বাছাইপর্ব। তবে বাছাইপর্বের ভেন্যু ও কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। বাছাইপর্ব পেরিয়ে চারটি দল বিশ্বকাপে যাবে এতটুকুই শুধু নিশ্চিত হয়েছে।
বাছাইপর্বে অংশ নেবে চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের সহ-আয়োজকের বাইরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দুই পূর্ণাঙ্গ সদস্যদেশ (আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ), বিশ্বকাপ লিগ-২ থেকে আসা শীর্ষ চার দল এবং বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে আসা শীর্ষ চার দল।
এই প্লে-অফ টুর্নামেন্টে মুখোমুখি হবে লিগ-২-এর তলানির চার দল এবং ক্রিকেটের তৃতীয় বিভাগ হিসেবে পরিচিত ‘চ্যালেঞ্জ লিগ’-এর চার দল।
চ্যালেঞ্জ লিগে ছয়টি করে দল নিয়ে মোট ১২টি দল দুটি পুলে ভাগ হয়ে লড়বে, যেখানে পুরো চক্রজুড়ে একেকটি দল তিনটি করে রাউন্ড-রবিন টুর্নামেন্ট খেলবে। প্রতি পুলের শীর্ষ দুটি দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফে।
বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৬.৩ ওভারে ২০৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। তাড়া করতে নেমে ৩৬ ওভার শেষে ১৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। কিন্তু এক প্রান্ত আগলে ৩৭ রানের অমূল্য এক অপরাজিত ইনিংসে আফগানিস্তানকে ৩ উইকেটে জেতান রশিদ খান। ৭১ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। তবে ৪৪ রানে ৩ উইকেট নেওয়া লেগ স্পিনার রশিদই ম্যাচসেরাও। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।
বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে আগেই ছিটকে গেছে আয়ারল্যান্ড। লড়াইয়ে টিকে থাকতে সিরিজ ৫–০ ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরই তাঁরা বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে ছিটকে পড়ে।