আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট ছাড়ছেন না বেন স্টোকস। ভবিষ্যতে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। একই সঙ্গে বর্তমান টেস্ট অধিনায়ক জো রুটকে নিয়ে নিজের উদ্বেগের কথাও বলেন তিনি।
‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে স্টোকস বলেন, খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার আগেই তিনি লেভেল–৩ কোচিং কোর্স করছেন, যাতে অবসরের পর কোচিংয়ে দ্রুত যুক্ত হতে পারেন।
স্টোকস বলেন, ‘আমি জানি, ক্রিকেটে থেকে আমি কী করতে চাই। আমি কোচ হতে চাই। আর একদিন ইংল্যান্ডের কোচ হতে পারলে অবশ্যই সেটা দারুণ ব্যাপার হবে। খেলোয়াড় হিসেবে নয়, অন্যভাবে নেতৃত্ব দেওয়ার ভাবনাটা আমার ভালো লাগে।’
২০২২ সাল থেকে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেওয়া স্টোকস গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর কয়েক সপ্তাহ আগে লন্ডনের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি।
স্টোকসের নেতৃত্বে শেষ দিকে ভালো সময় কাটেনি ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারার আগে অস্ট্রেলিয়ায় অ্যাশেজেও ৪-১ ব্যবধানে হেরেছিল দলটি। ২০২৪ সালের শেষ দিকের পর থেকে ইংল্যান্ড আর কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি।
২০২৭ সালের অ্যাশেজে অবসর ভেঙে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন স্টোকস। সাবেক সতীর্থ জস বাটলার তাঁকে অবসর নিয়ে নিশ্চিত কি না, জিজ্ঞাসা করলে স্টোকসের জবাব ছিল, ‘অবশ্যই।’
স্টোকসের অবসরের পর অনেকেই ধারণা করেছিলেন, তাঁর উত্তরসূরি হবেন সহ-অধিনায়ক হ্যারি ব্রুক। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আবারও জো রুটের হাতেই টেস্ট দলের নেতৃত্ব তুলে দেয়। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন স্টোকস। তাঁর মতে, নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করলে সেই দায়িত্ব সরাসরি দিয়ে দেওয়া উচিত।
স্টোকস বলেন, ‘আপনি যদি মনে করেন, কেউ ভালো অধিনায়ক বা নেতা হতে পারে, তাহলে তাকে সেই দায়িত্বই দেওয়া উচিত। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা আমি বুঝি। কিন্তু আমার প্রশ্ন হলো, এতে তার কাছে কী বার্তা গেল? সে তো সহ-অধিনায়ক। অথচ অধিনায়ক খেলছে না, তারপরও তাকে দায়িত্ব দেওয়া হলো না। এটা কীভাবে সম্ভব?’
তবে রুটের প্রতি পূর্ণ সমর্থনও জানিয়েছেন স্টোকস। তিনি বিশ্বাস করেন, নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রুট ভালো করবেন। তবু রুটকে নিয়ে তাঁর একটি উদ্বেগ রয়ে গেছে, ‘আমি চাই, জো সফল হোক। কিন্তু আমার একটাই দুশ্চিন্তা, ও যেন নিজের ওপর অতিরিক্ত চাপ না নেয়। আগেরবার অধিনায়ক থাকার সময় ও কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, আমি খুব কাছ থেকে দেখেছি। জো সব সময় দলকে নিজের আগে রাখে। আমি চাই না, সেই অভিজ্ঞতা আবারও ওর জীবনে ফিরে আসুক।’
রুট ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম দফায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে দল ৬৫ টেস্টে ২৭টি জয় পেয়েছিল। তবে শেষ দিকে টানা খারাপ ফল, অস্ট্রেলিয়ায় ৪-০ ব্যবধানে অ্যাশেজ হার এবং করোনাভাইরাস মহামারির কঠিন সময় সামলাতে গিয়ে দায়িত্বটি তাঁর ওপর মানসিক ও শারীরিক চাপ তৈরি করেছিল। সে কারণেই ২০২২ সালে তিনি নেতৃত্ব ছেড়ে দেন।
স্টোকস আরও জানিয়েছেন, সাবেক কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়েছিল—এমন গুঞ্জনেরও কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি। অনেক বিষয়ে মতের অমিল ছিল, আলোচনা হয়েছে। কিন্তু সম্পর্ক খারাপ হয়নি। আমরা এখনো ভালো বন্ধু।’