গাদ্দাফি স্টেডিয়ামে ইমরান খান এনক্লোজার
গাদ্দাফি স্টেডিয়ামে ইমরান খান এনক্লোজার

গাদ্দাফি স্টেডিয়াম থেকে ইমরান খান এনক্লোজার সরানো হয়নি

চ্যাম্পিয়নস ট্রফির আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আগামী ফেব্রুয়ারি–মার্চে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হওয়ার কথা গাদ্দাফি স্টেডিয়ামে। একটি সেমিফাইনালও হবে সেখানে। আর ভারত যদি ফাইনালে না ওঠে, তাহলে শিরোপা নির্ধারণী সেই ম্যাচটিও হওয়ার কথা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এই আয়োজনকে কেন্দ্র করে স্টেডিয়ামটিতে যখন সংস্কারকাজ চলছে, একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাজনৈতিক বিবেচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গ্যালারির ইমরান খান এনক্লোজার সরিয়ে ফেলা হয়েছে। গ্যালারির যে বোর্ডে ইমরান খানের নাম আছে, সেটি রাখা হয়নি। তবে এটি সঠিক নয় বলে জানিয়েছে পিসিবি।

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের অন্যতম ভিআইপি গ্যালারি ‘ইমরান খান এনক্লোজারে’র সূচনা পাকিস্তান দলের ৯৯২ বিশ্বকাপ জয়ের পর। সেই বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী সময়ে রাজনীতিতে নামা ইমরান। তিনি তেহরিক ই ইনসাফ দলের হয়ে নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। তবে বর্তমানে জেলে আছেন। সম্প্রতি দুর্নীতির একটি মামলায় ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর।

বর্তমানে পাকিস্তানের ক্ষমতায় আছে তেহরিক ই ইনসাফের প্রতিপক্ষ রাজনৈতিক জোট পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও পাকিস্তান পিপলস পার্টি। আর লাহোর যে প্রদেশে অবস্থিত, সেই পাঞ্জাবের গভর্নর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজ। এমন পরিস্থিতিতে গাদ্দাফি স্টেডিয়াম থেকে ইমরানের নাম সরিয়ে ফেলার গুঞ্জন অনেকে সত্যও মনে করেছেন।  

কিন্তু এ খবর উড়িয়ে দিয়েছেন পিসিবির এক কর্মকর্তা। কারও নাম উল্লেখ না করে পিসিবির ওই কর্মকর্তা পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছেন, এনক্লোজার থেকে কারও কোনো নামই পরিবর্তন করা হয়নি বা কারও নাম সরিয়েও নেওয়া হয়নি। গাদ্দাফি স্টেডিয়ামে ইমরান খান ছাড়াও সরফরাজ নেওয়াজ, ফজল মাহমুদ, জাভেদ মিয়াঁদাদ, আব্দুল কাদির, মাজিদ খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাঈদ আনোয়ারদের নামে স্ট্যান্ড আছে।