আউট হয়ে গেলেন সাইফ হাসান। তাঁর কাজটা যদিও মন্দ করেননি। ১৭ বলে সাইফের ব্যাট থেকে এসেছে ১৯ রান। দুটি ছক্কাও মেরেছেন। সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরছেন সাইফ। ১০ বলে ১১ রানে এখন অপরাজিত তাওহিদ হৃদয়।
বাংলাদেশ: ৭ ওভারে ৪৫/৪
এমন একটা ওভারের অপেক্ষাতেই বোধ হয় ছিল বাংলাদেশ। আবরার আহমেদের ষষ্ঠ ওভার থেকে দুই ছক্কায় ১৫ রান তুলেছে তারা। প্রথমটা সাইফ হাসান মেরেছেন লং অনের উপর দিয়ে, পরেরটা তাওহিদ হৃদয় মিড উইকেটের।
বাংলাদেশ: ৬ ওভারে ৪৩/৩
তৃতীয় উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। পারভেজ হোসেনও আউট হয়ে গেছেন ক্যাচ দিয়ে। ওয়াসিম জুনিয়রের বলে স্লগ সুইপ করতে গিয়ে তিনি ডিপ স্কয়ারে ক্যাচ দিয়েছেন। তিন উইকেট হারিয়ে ফেলে বিপদেই আছে বাংলাদেশ।
বাংলাদেশ: ৩ ওভারে ২৩/৩
তানজিদ আউট হওয়ার পর সাইফের সঙ্গী হয়েছিলেন লিটন দাস। কিন্তু তাঁর ইনিংসটা স্থায়ী হলো কেবল তিন বল। সাইম আইয়ুবের বলে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন, কিন্তু তাঁর ক্যারম বল মিস করে হয়ে গেছেন বোল্ড।
বাংলাদেশ: ৩ ওভারে ২১/২
আউট হয়ে গেলেন ওপেনার তানজিদ হাসান। প্রথম উইকেট হারাল বাংলাদেশ। এক বল আগেই তিনি ছক্কা মেরেছিলেন। কিন্তু এবার আরাফাত মিনহাসের বল তুলে মারতে গিয়ে তানজিদ ক্যাচ দিয়েছেন মিড অফে।
বাংলাদেশ : ২ ওভারে ১৯/১
উইকেটে ফাটলটা স্পষ্টই বোঝা যাচ্ছে। ব্যাটিং করাটা কঠিনই তাই। বাংলাদেশের দুই ওপেনারও প্রথম ওভারের ৫ বল থেকে ৩ রান নিতে পেরেছিলেন। কিন্তু শেষ বলে সাইফ হাসান ছক্কা মেরেছেন। আহমেদ দানিয়েলের শর্ট বল পুল করতে গিয়েছিলেন, কিন্তু ঠিকঠাক ব্যাটে না লাগলেও বল বাউন্ডারি পার করেছে।
প্রথম ওভারে এসেছে ১০ রান।
টস জিতেছে পাকিস্তান। তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ শুরুতে ব্যাট করবে।
এই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন স্পিনাররা। বাংলাদেশের একাদশ দেখেও তেমনই মনে হচ্ছে। দুজন পেসারের সঙ্গে সেখানে আছেন অলরাউন্ডার মোসাদ্দেকসহ ৪ স্পিনার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আম্পায়ারদের পর্যবেক্ষণের পর ভালো খবরটা পাওয়া গেল। ম্যাচ হচ্ছে। টস হয়ে যাবে বাংলাদেশ সময় ৬টা ৫৫ মিনিটে, ম্যাচ শুরু হবে সোয়া সাতটায়। খেলা হবে ১৩ ওভারের!
এখনও বলার মতো তেমন কিছু নেই। আউটফিল্ড ভেজা, এ কারণেই এখনও টসটা হচ্ছে না। তবে আকাশ রোদ ঝলমল করছে। দুই দলের ক্রিকেটাররা ওয়ার্মআপও শুরু করেছেন।
কিন্তু খুব বেশিক্ষণ ম্যাচটা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ এই মাঠেই বাংলাদেশ সময় দুপুর দুইটায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ বেশি পিছিয়ে গেলে সেটাতেও প্রভাব ফেলবে।
বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে আবার মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা। শেষ পর্যন্ত যদি খেলা না হয় (সেই সম্ভাবনা আজ অনেক কম), তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় রোববারের ফাইনালে উঠে যাবে পাকিস্তান।
ছেলেদের ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনালে চার ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আইচি–নাগোয়ায় টানা বৃষ্টি ছিল কয়েকদিন। তবে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের প্রেস অ্যাটাচে এম এম কায়সার আমাদের জানালেন, আজ বেশ রোদ ঝলমলে আবহাওয়া। কিন্তু এখনও টসটা হয়নি! আউটফিল্ড একটু ভেজা। তাতে দুশ্চিন্তার কিছু নেই। ম্যাচ আজ হওয়ার হবে।
ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ছয়টায় মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা।
এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে দুই দলের ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় তারা সেমিফাইনালে। তবে আজকের ম্যাচটা হওয়ার কথা। গতকাল রোদ ঝলমলে আবহাওয়াতে অনুশীলন করেছে বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাসেও এতটা বৃষ্টি নেই।