ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোসাদ্দেক হোসেন
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোসাদ্দেক হোসেন

এনসিএল টি–টোয়েন্টি

মোসাদ্দেকের ২৮ বলে ফিফটি, বড় জয় ঢাকার

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে আজ রংপুর বিভাগকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৭১ রান করে ঢাকা। তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ১০০ রানে আটকে যায় রংপুর।

বড় ব্যবধানের এই জয়ে ঢাকার নায়ক মোসাদ্দেক হোসেন। ২৮ বলে ফিফটি করা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩২ বলে ৬৪ রান করে। পরে বল হাতে ১ বল করেই নেন উইকেট।

প্রথমে ব্যাট করা ঢাকার হয়ে ফিফটি করেছেন দুজন। ৬৭ রানে তৃতীয় উইকেটের পতনের পর জুটি গড়েন মোসাদ্দেক ও আরিফুল ইসলাম। তিন নম্বরে নামা আরিফুলই আগে ফিফটি স্পর্শ করেন। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।

আরিফুলের সঙ্গে ১০৪ রানের জুটিতে মোসাদ্দেক করেন ৬৪ রান। এর মধ্যে ইনিংসের শেষ দুই বলে আবদুল গাফফারকে মেরেছেন দুটি ছক্কা। মোসাদ্দেকের ঝোড়ো ব্যাটিংয়েই ঢাকা বিভাগের রান ১৭০–এর ঘরে পৌঁছায়।

মোসাদ্দেক–আরিফুলের শতরানের অবিচ্ছিন্ন জুটি ঢাকা বিভাগকে ভালো সংগ্রহ এনে দেয়

রান তাড়ায় রংপুর বিভাগ স্বস্তিতে ছিল না একদমই। তিনে নামা নাঈম ইসলাম এক প্রান্ত ধরে রাখলেও অন্য পাশে একের পর এক উইকেটের পতন হয়েছে।

নাঈম ৩৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে দশ নম্বরে নামা আবু হাশিমের ব্যাট থেকে। তাঁকে বোল্ড করেই রংপুর ইনিংসের ইতি টানেন মোসাদ্দেক। রংপুরের মুকিদুল ইসলাম চোটের কারণে মাঠে নামেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ: ২০ ওভারে ১৭১/৩ (মোসাদ্দেক ৬৪*, আরিফুল ৫৯*, মাহিদুল ২২; মুকিদুল ১/৬)।
রংপুর বিভাগ: ১৭.১ ওভারে ১০০/৯ (নাঈম ২৬*, হাশিম ২৫, আলাউদ্দিন ২১; তাইবুর ৩/২২, রিপন ২/১১)।
ফল: ঢাকা বিভাগ ৭১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন।