ভারতের হয়ে সবশেষ খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে। তিন মাস পর তাঁর বয়স হবে ৩৯ বছর। দীর্ঘ বিরতির পর এই বয়সে জাতীয় দলে ফেরার আশা নেই বললেই চলে।
তবে নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস আছে বলে সমাজের কঠিন বাস্তবতায় ভীষণ দুঃখ মুরালি বিজয়ের। ভারতের হয়ে ৬১ টেস্ট খেলা এই ওপেনার এখন দেশের বাইরে অন্য কোথাও খেলার কথা ভাবছেন।
স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেছেন, ‘আমার বিসিসিআই অধ্যায় প্রায় শেষ। আমি এখন বাইরে সুযোগ খুঁজছি। কারণ, আরও কিছুদিন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে যেতে চাই।’
চেন্নাইয়ের এই ক্রিকেটারের টেস্ট অভিষেক ২০০৮ সালে। ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে ১২টি শতক, ১৫টি অর্ধশতকসহ ৩৮.২৮ গড়ে করেছেন ৩ হাজার ৯৮২ রান।
সবশেষ চার টেস্টে একবারও ২০ রানের বেশি করতে পারেননি মুরালি বিজয়। বাজে ফর্মের কারণে বাদ পড়েন। আর কখনো জাতীয় দলে ফিরতে পারেননি। ২০১৯ সালের পর থেকে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফিতেও খেলেননি।
তবে সৈয়দ মুশতাক আলী ট্রফি ও আঞ্চলিক টি–টোয়েন্টি টুর্নামেন্টে খেলে যাচ্ছেন। সবশেষ গত জুলাইয়ে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ওয়ারিয়র্সের হয়ে শেষ দু্ই ম্যাচে খেলেন যথাক্রমে ৩৫ বলে ৬১ এবং ৬৬ বলে ১২১ রানের ইনিংস। ৩৮ বছর বয়সে টি–টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ে নিজের সামর্থ্যের জানান দিতে পেরেছেন বলে খেলা চালিয়ে যেতে চান বিজয়।
কিন্তু ভারতের ক্রিকেটে বয়সের কারণে পর্যাপ্ত সুযোগ দেখছেন না বিজয়, ‘ভারতে বয়স ৩০ পার হয়ে যাওয়া মানে তো নিষিদ্ধ ব্যাপার (হাসি)। মানুষ মনে করে, ৮০ বছরের বৃদ্ধ হেঁটে যাচ্ছে। আমি মনে করি, ত্রিশের ঘরেই মানুষ সেরা অবস্থায় থাকে। এই বয়সে আমি আমার সেরা ব্যাটিংটাই করতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সুযোগ কম। যে কারণে আমাকে বাইরে সুযোগ খুঁজতে হচ্ছে।’
ভারতের হয়ে ১৭টি ওয়ানডে ও ৯টি টি–টোয়েন্টি খেলা বিজয় চেন্নাইয়ের হয়ে শেষবার আইপিএল খেলেছেন ২০২০ সালে।