জাপানে পৌঁছানোর পর বৃষ্টি পিছু ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট দলের। লিটন দাসরা ঠিকঠাক অনুশীলন করতে পারেননি বৃষ্টির জন্য। এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচও হয়েছে পরিত্যক্ত। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় যদিও সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে লিটন দাসের দল মুখোমুখি হবে পাকিস্তানের। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে পাকিস্তানই। তবে বাংলাদেশ দলের জন্য সুখবর, আইচি-নাগোয়াতে রোদের দেখা পেয়েছেন লিটনরা।
দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলীর আশা, ম্যাচের দিনও এমন রোদ থাকবে, ‘জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে, আজকে আমরা একটু ভালোমতো মাঠে নামতে পেরেছি। আশা করি আমরা একটা ভালো আবহাওয়া পাবো খেলার জন্য।’
এশিয়ান গেমসে ছেলেদের এই ক্রিকেট ইভেন্টের জন্য ঢাকায় লম্বা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। দিন দশেক অনুশীলনের পর দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে নিজেদের মধ্যে। ইয়াসির জানান, জাপানে গিয়ে ঠিকঠাক অনুশীলন করতে না পারলেও মানসিকভাবে তাঁরা মাঠে নামার জন্য তৈরি ছিলেন সব সময়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পাঠানো ভিডিওতে ইয়াসির বলেন, ‘আমরা সব সময় মানসিকভাবে প্রস্তুত রাখি নিজেকে। যতটা নিজেকে মাঠে রাখা যায়, যেমন পুরো দলের একটা জিম সেশন ছিল। আমরা ব্যাটিং-বোলিং করতে পারিনি কিন্তু মাঠে এসেছিলাম, ফুটবল মাঠে আমরা প্র্যাকটিস করেছি, ফুটবল খেলেছি।’
২০১০ সালে এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েই ক্রিকেটে সোনা জেতে বাংলাদেশের ছেলেরা। পরের দুবার জিতেছে ব্রোঞ্জ। এবারের আগে কখনো খালি হাতে ফেরেনি মেয়েরাও। এবারের এশিয়ান গেমসে উশুতে ব্রোঞ্জ ছাড়া আর কোনো পদক নেই বাংলাদেশের। ছেলেদের ক্রিকেটে তাই পদকের প্রত্যাশাটা বেশি।
সেই প্রত্যাশা পূরণে সবার আগে সেমিফাইনালে পাকিস্তানকে হারাতে হবে। গত কয়েক মাসে অস্থিরতার ভেতর দিয়ে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ভালো করতে আশাবাদী ইয়াসির, ‘আমি নড়বড়ে বলব না, তারা খুব ভালো দল। ক্রিকেটের মাঠে যখন আমরা নামি সবাই ভালো দল। যে ভালো খেলবে সে–ই জিতবে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব, এটাই।’