কাল সেঞ্চুরি করেছেন ফখর, ছবিতে তাঁর সঙ্গী সাদও পেয়েছেন ফিফটি
কাল সেঞ্চুরি করেছেন ফখর, ছবিতে তাঁর সঙ্গী সাদও পেয়েছেন ফিফটি

৩২৫ রান তাড়া, ৯ বছর পর ট্রফি, আর পাকিস্তানের যত রেকর্ড

লাহোরে কাল শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জেতার পথে একের পর এক রেকর্ড আর কীর্তি গড়েছে স্বাগতিকেরা।
৩২৬

যেকোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি যৌথভাবে সর্বোচ্চ সফল রান তাড়া। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬ রান তাড়া করে জিতেছিল ভারত।

২

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সফলভাবে রান তাড়ার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও পাকিস্তানের। ২০২৩ বিশ্বকাপে হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান।

১

লাহোরের ফাইনালে দুই দল মিলে করেছে ৬৫৬ রান। ওয়ানডে ফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ। এর আগে ২০০২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ও ইংল্যান্ড মিলে করেছিল ৬৫১ রান।

২০১৭ সালের পর প্রথম

পাকিস্তানের সর্বশেষ বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্ট জিতেছে ২০১৭ সালে, চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর দুটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয় পাকিস্তান, একবারও সেমিফাইনালেই উঠতে পারেনি।

এ সময়ে ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত দুটি এশিয়া কাপের কোনোটির ফাইনালেও জায়গা করে নিতে পারেনি তারা। ২০২৫ সালে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অবশ্য উঠেছিল তারা, তবে রানার্সআপ হয়।

অধিনায়ক আফ্রিদির হাতে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
১

দেশের মাটিতে প্রথমবার ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল জিতেছে পাকিস্তান। এর আগে নিজেদের মাটিতে খেলা আগের তিনটি ওয়ানডে ফাইনালেই হেরেছিল দলটি।

২

তিনটি ওয়ানডে ফাইনাল খেলে দুটিতেই সেঞ্চুরি করেছেন পাকিস্তান ওপেনার ফখর জামান। এর আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন ফখর। ওয়ানডে ফাইনালে একাধিক সেঞ্চুরি করা পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান ফখর। তাঁর আগে এই কীর্তি ছিল শুধু সাঈদ আনোয়ারের, তাঁরও আছে দুটি সেঞ্চুরি।

৪

৩০০ বা এর বেশি রান তাড়া করতে নেমে ওয়ানডেতে এটি ফখরের চতুর্থ সেঞ্চুরি। পাকিস্তানের হয়ে এই কীর্তিতে তিনিই সবার ওপরে। বাবর আজম ও ইউনিস খানের আছে তিনটি করে সেঞ্চুরি।

ত্রিদেশীয় সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন আরাফাত মিনহাস
২

পাকিস্তানের তরুণ ক্রিকেটার আরাফাত মিনহাসও গড়েছেন বিশেষ কীর্তি। আট ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ও দুবার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১০ ম্যাচের মধ্যে একাধিক পঞ্চাশোর্ধ্ব ইনিংস ও একাধিক পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে আরেকজনের—নামিবিয়ার জেজে স্মিট।