
আপনি কি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হতে আগ্রহী? প্রশ্নটা শুনে ভড়কে যাবেন না যেন। কিছু যোগ্যতা থাকলে আপনিও হতে পারবেন জাতীয় দলের নির্বাচক। এত দিন সেই যোগ্যতাগুলো জানিয়ে কখনো প্রকাশ্যে বিজ্ঞপ্তি দেয়নি বিসিবি। তবে এবার দুজন নতুন নির্বাচক নিয়োগ করার প্রক্রিয়া বিসিবি শুরু করেছে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে।
গতকাল চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবির অনুরোধে গাজী আশরাফ হোসেন আরও এক মাস প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন। বিসিবিও এর মধ্যেই শেষ করবে নতুন নির্বাচক নিয়োগের প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে, নতুন দুই নির্বাচকের মধ্য থেকেই বেছে নেওয়া হবে নতুন প্রধান নির্বাচক।
বিজ্ঞপ্তিতে নির্বাচকদের যোগ্যতা এবং কাজের পরিধি সম্পর্কে জানিয়েছে বিসিবি। জাতীয় দলের নির্বাচক হতে গেলে আপনার অবশ্যই ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় দলেই খেলতে হবে, এমন নয়। তবে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
শুধু ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেই হবে না। সব সংস্করণের ‘মডার্ন ক্রিকেট’ নিয়ে ভালো জ্ঞান থাকা চাই। নৈতিকতার মানদণ্ডে স্বচ্ছ হতে হবে, থাকতে হবে নেতৃত্বগুণ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দেশে ও বিদেশে ভ্রমণ তো করতেই হবে। আর থাকতে হবে বিশ্লেষণ ক্ষমতা, যোগাযোগ এবং রিপোর্টিংয়ের দক্ষতা।
এসব যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণরা নির্বাচক হতে আবেদন করলে বিসিবি তাদের সাক্ষাৎকার নেবে। পরে কী কাজ হবে সেটিও আগেই জানিয়ে রেখেছে বিসিবি। নির্বাচকদের টেস্ট, ওয়ানডে ও টি–টুয়েন্টিতে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড বাছাই করতে হবে—এটা তো জানা কথাই।
শুধু জাতীয় দল নয়, নির্বাচক কমিটির সদস্য হিসেবে খেলোয়াড় বাছাই করতে হবে বাংলাদেশ ‘এ’ দল, হাই পারফরম্যান্স, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ ও বিপিএলের জন্যও।
এই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে কী করতে হবে, সে সম্পর্কেও জানিয়ে দিয়েছে বিসিবি। সেটা অবশ্য নতুন কিছু নয়, নির্বাচকেরা নিয়মিত যা করেন সেসবই। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ, ঘরোয়া ক্রিকেটের ম্যাচ মাঠে থেকে দেখা ও বিস্তারিত ডেটাবেজ সংরক্ষণ, জাতীয় দলের প্রধান কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয়, খেলোয়াড়েরা কীভাবে আরও উন্নতি করতে পারেন; এ নিয়ে পরিকল্পনা দেওয়া ইত্যাদি।
আপনি যদি বিসিবির নির্বাচক হতে আগ্রহী হয়ে থাকেন, আর ওপরের যোগ্যতাগুলো আপনার থাকে; তাহলে সম্প্রতি তোলা ছবিসহ প্রত্যাশিত বেতন জানিয়ে জীবনবৃত্তান্ত ই–মেইল করতে হবে job@bcbcricket.com–এ। আবেদন করার শেষ সময় ৮ মার্চ, ২০২৬।