এবারের বিশ্বকাপে একটি জয়ের পর টানা ছয় ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের বাংলাদেশ
এবারের বিশ্বকাপে একটি জয়ের পর টানা ছয় ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের বাংলাদেশ

মাঠের বাইরের সমস্যার কারণে বাংলাদেশের ভরাডুবি, বললেন ইরফান পাঠান

বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতোই। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ জয়ের পর বাকি ৬ ম্যাচে টানা হার। প্রতিটি ম্যাচেই বাজে পারফরম্যান্স। সাকিব আল হাসানের দল হেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষেও। ২০০৩ সালের বিশ্বকাপে সব ম্যাচ হেরেছিল বাংলাদেশ। কুড়ি বছর পর এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছে সেই দুঃসহ অভিজ্ঞতাই।

সবার মনেই প্রশ্ন, এত বাজে পারফরম্যান্স কেন বাংলাদেশের। ভারতের সাবেক পেসার ইরফান পাঠান মনে করেন, মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কারণেই বাংলাদেশের এমন পারফরম্যান্স।

গতকাল কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে ২০৪ রানের গুটিয়ে যাওয়া বাংলাদেশকে পাকিস্তান হারিয়েছে ১৭.৩ ওভার হাতে রেখেই। বাংলাদেশই প্রথম দল যাদের আনুষ্ঠানিক ‘বিদায়’ হয়ে গেছে। তার মানে কোনোভাবেই আর বাংলাদেশের সেমিফাইনাল খেলার সুযোগ নেই। দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশের লক্ষ্য এখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করা।

স্টার স্পোর্টসে নিজের বিশ্লেষণে ইরফান বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলারও তেমন আশা দেখছেন না। তিনি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশাই প্রকাশ করেছেন, ‘আমি এটাকে বাংলাদেশের ক্রিকেটের বড় পতন হিসেবেই দেখছি। বাংলাদেশ দলে এমন নয় যে বিদেশের লিগে খেলা খেলোয়াড় নেই। মোস্তাফিজুর রহমান আছে, তাসকিন আহমেদও বিদেশের লিগে খেলেছে। মাহমুদউল্লাহ বহু বছর ধরে ক্রিকেট খেলছে। বাংলাদেশ দলে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছে।’

তামিম ইকবালকেে কেন দলে নেওয়া হয়নি, এ নিয়ে প্রশ্ন ইরফান পাঠানের

ইরফান মনে করেন সামর্থ্যের অভাবের চেয়েও নিজেদের সামর্থ্যকে পারফরম্যান্সে পরিণত করতে না পারার ব্যর্থতাই বাংলাদেশকে ডোবাচ্ছে। সেই সঙ্গে মাঠের বাইরের ব্যাপারগুলো এখানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ‘বাংলাদেশের ভালো ক্রিকেটার আছে। কিন্তু দল হিসেবে সেই ক্রিকেটাররা একসঙ্গে পারফরম করতে পারছে না। এর মানে সামর্থ্যের অভাব বাংলাদেশ দলের সমস্যা নয়। এই দলের আরও অন্য সমস্যা আছে। বাংলাদেশের ক্রিকেটকে এখন মাঠ ও মাঠের বাইরে—দুই দিকের সমস্যা সমাধানেই মনোযোগী হতে হবে।’

বাংলাদেশের ক্রিকেটের এই পতনের কারণ নিজেদের ভুলই, ইরফান মনে করেন এটিই, ‘আমি সব সময়ই বলি, বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। বিশ্বকাপে বাংলাদেশ দলে তামিম ইকবাল নেই কেন! এই দলে অবশ্যই তামিমের থাকা উচিত ছিল।’

মাঠের বাইরের সমস্যাই বাংলাদেশকে সমস্যায় ফেলছে বলে মনে করেন ইরফান

বিশ্বকাপের আগে তামিম-সমস্যায় বিপর্যস্ত ছিল বাংলাদেশের ক্রিকেট। গত জুলাই মাসে বিভিন্ন কারণে ক্রিকেটই ছেড়ে দিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে আবারও ক্রিকেটে ফেরেন তিনি। যদিও বিশ্বকাপের আগ দিয়ে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। ইরফান পাঠানের কাছে পুরো বিষয়টাই বিস্ময়, ‘এক বছর আগেও তামিম নিয়মিত রান করেছে। কিন্তু সেই তামিমই বিশ্বকাপ দলে নেই। সে কেন নেই! আমরা যত দূর জানি, তার নিজের জায়গায় ব্যাটিং করতে না দেওয়ার কারণেই এমনটা হয়েছে। আমি তো মনে করি, তামিমের সঙ্গে আচরণটাই ঠিক করেনি বাংলাদেশ ম্যানেজমেন্ট। এ কারণেই বাংলাদেশ দলে নানা নেতিবাচক ব্যাপার সামনে চলে এসেছে।’

ইরফান মনে করেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যই এই দলের সব সমস্যা মিটিয়ে ফেলা উচিত, ‘বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ক্রিকেটপাগল। বাংলাদেশ দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের প্রাপ্য।’