কেউ বলছেন, ওয়ানডে ক্রিকেট এখন মরে গেছে। কেউ বলছেন, মরেনি, তবে কোমায় আছে। কয়েক বছরের মধ্যে মরে যাবে। ৫০ ওভারের ক্রিকেট নিয়ে ইদানীং আলোচনা-সমালোচনাটা বেশ জমে উঠেছে। পক্ষে-বিপক্ষে নানান কথা হচ্ছে। শঙ্কার কথাটাই বেশি এসেছে ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী, মঈন আলী, আকাশ চোপড়া, উসমান খাজাদের মুখ থেকে। ধকল কমাতে বেন স্টোকস তো এরই মধ্যে ওয়ানডে থেকে অবসরের ঘোষণাই দিয়েছেন। তবে উল্টো সুরও শোনা যায় মাঝেমধ্যে। এই যেমন ভারতীয় ওপেন শিখর ধাওয়ানই বলছেন, ওয়ানডে ক্রিকেট এখনো শৈল্পিক ও আকর্ষণীয়। তিনি খুব আনন্দ পান ৫০ ওভারের ক্রিকেট খেলতে।
মূলত এই আলোচনা জোর পেয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর। কিছুদিন আগে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এর আয়োজনে সাবেক দুই ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন ও ফিল টাফনেলের উপস্থাপনায় পডকাস্ট শো ‘দ্য ভনি অ্যান্ড দ্য টাফার্স ক্রিকেট ক্লাব’-এ অতিথি হয়ে গিয়েছিলেন ওয়াসিম আকরাম। সেখানেই কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার বলেছিলেন, ওয়ানডে সংস্করণে এখন আর কোনো আকর্ষণ খুঁজে পান না তিনি। ওয়ানডে ক্রিকেট মারা যাচ্ছে।
আমি ওয়ানডে খেলতে আসলেই উপভোগ করি। এটা এখনো শৈল্পিক ও আকর্ষণীয়। আমি ওয়ানডে খেলতে ভালোবাসি। টেস্ট ও টি-টোয়েন্টির যেমন নিজস্ব আবেদন আছে, ওয়ানডেরও আছে। ওয়ানডেও রোমাঞ্চকর।শিখর ধাওয়ান, ভারত
তাঁর সুরেই এর কাছাকাছি সময় কথা বলেছেন রবি শাস্ত্রীও। ওয়ানডে ৫০ ওভারের বদলে ৪০ ওভারের করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সাবেক ভারতীয় কোচ। আকাশ চোপড়া এই সংস্করণকে বলেছেন ‘অর্থহীন’। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজার মতে, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। শঙ্কা প্রকাশ করে মঈন আলী বলেছেন, কয়েক বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে।
এ আলোচনার মধ্যে কিছুটা উল্টো কথা শোনা গেল ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের মুখে। তাঁর কথা, ‘আমি ওয়ানডে খেলতে আসলেই উপভোগ করি। এটা এখনো শৈল্পিক ও আকর্ষণীয়। আমি ওয়ানডে খেলতে ভালোবাসি। টেস্ট ও টি-টোয়েন্টির যেমন নিজস্ব আবেদন আছে, ওয়ানডেরও আছে। ওয়ানডেও রোমাঞ্চকর।’
অবশ্য ধাওয়ানের কাছে ওয়ানডে ভালো লাগার একটা অন্য কারণও চাইলে খুঁজে নেওয়া যায়। ভারতের হয়ে ৩৪ টেস্ট, ৬৮ টি-টোয়েন্টি ও ১৫৫টি ওয়ানডেতে খেলেছেন ৩৬ বছর বয়সী এই ওপেনিং ব্যাটসম্যান। তবে এখন টেস্ট ও টি-টোয়েন্টিতে তিনি বলতে গেলে একেবারেই ব্রাত্য। শুধু ওয়ানডেতেই সুযোগ মেলে আসলে। তো যে সংস্করণে এখন জাতীয় দলের হয়ে খেলার একমাত্র সুযোগ তাঁর, সেটা খারাপ লাগবে চলবে কী করে!
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও অবশ্য আইপিএলে নিয়মিতই তিনি, সফলও। সর্বশেষ আইপিএলেই পাঞ্জাব কিংসের হয়ে ১৪ ইনিংসে ৪৬০ রান করেছেন ৩৮.৩৩ গড় ও ১২২ স্ট্রাইক রেটে। বয়স ৩৬ হয়ে গেলেও তাই ধাওয়ানের আশা, ‘আবার তিনি ফিরবেন ভারতের টি-টোয়েন্টি দলে, অনেক দিন হয়ে গেছে আমি ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলি না। আমি আসলে জানি না কারণটা কী। যা–ই হোক, আমার চাওয়া হচ্ছে যখন সুযোগ পাই, সেটা কাজে লাগানো। আইপিএল, ঘরোয়া ক্রিকেট, জাতীয় দল, যেখানেই সুযোগ আসে, সেরাটা দিতে চাই।’