দুই মৌসুম বিরতি দিয়ে আবার ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হবে এবারের এলপিএল। এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
এবারের এলপিএলে ড্রাফট হয়েছে গত সোমবার। ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের ৩২ ক্রিকেটারের। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ থেকে শুরু করে নাহিদ রানাও ছিলেন এই তালিকায়।
তবে ড্রাফট থেকে শুধু মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন দাস ড্রাফটের আগে সরাসরি চুক্তিতেই দল পেয়েছিলেন।
টুর্নামেন্টে সাকিব আর তাসকিন খেলবেন জাফনা কিংসের হয়ে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগেও খেলেছেন সাকিব ও তাসকিন। ২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
তাসকিন ২০২৪ মৌসুমে খেলেছেন কলম্বোর হয়ে, ৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৪টি। এবার এরা খেলবেন লঙ্কান লিগে সবচেয়ে সফল দলের হয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টটি হয়েছে পাঁচবার, এর মধ্যে চারবারই জিতেছে তারা।
লিটন ও মিরাজ খেলবেন গল টাইটানসের হয়ে। লিটন এর আগেও একবার গলের হয়ে খেলেছেন, ২০২৩ সালে ৩ ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন। তবে মিরাজ এবারই প্রথমবার এই লিগে সুযোগ পেয়েছেন।
হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে। তিনি এই প্রথমবার দেশের বাইরে কোনো টি-টুয়েন্টি লিগে খেলবেন।
এবারের এলপিএলে থাকছে আলোচিত ‘ইম্প্যাক্ট সাব।’ কয়েক দিন আগে এই নিয়ম নিয়ে সমালোচনা করেছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। তবে এসব নিয়ে হয়তো খুব একটা ভাবছে না টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের একজনকে একাদশে রাখা বাধ্যতামূলক।