ভারতের সর্বশেষ ম্যাচে ২ বলে অপরাজিত ১০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কার্তিক
ভারতের সর্বশেষ ম্যাচে ২ বলে অপরাজিত ১০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কার্তিক

পন্ত, না কার্তিক—কী বলছেন গাভাস্কার-হেইডেন?

ঋষভ পন্ত, না দিনেশ কার্তিক—আগে প্রশ্ন ছিল বিশ্বকাপ দলে এ দুজনের কে থাকবেন? পরীক্ষায় দুজনেই পাস করেছেন। দুজনেই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। তবে একসঙ্গে এ দুজনকে দলে রাখা একটু কঠিনই বটে রোহিত শর্মার জন্য। তাই ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো বারবার একাদশের এই জায়গাটা পরিবর্তন হচ্ছে।

হেইডেনের বাজি পন্তের পক্ষে

এশিয়া কাপে প্রথম সুযোগটা এসেছিল দিনেশ কার্তিকের সামনে। যদিও নিজেকে প্রমাণের সুযোগ সে ম্যাচে পাননি ভারতের এই উইকেটকিপার–ব্যাটসম্যান। রবীন্দ্র জাদেজা চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলে ভারতের মিডল অর্ডারে একজন বাঁহাতি ব্যাটসম্যানের প্রয়োজন পড়ে। সে জন্য পরবর্তী ম্যাচেই সুযোগ আসে পন্তের সামনে। সুযোগ পেয়ে তেমন কিছুই করতে পারেননি পন্ত।

তাই এশিয়া কাপ শেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচেই আবার সুযোগ আসে কার্তিকের। সে ম্যাচে ব্যর্থ হন কার্তিকও। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ৮ ওভারের হয়ে যাওয়া ম্যাচে অবশ্য নিজের ‘ফিনিশার’–ঝলকটা কিছুটা হলেও দেখাতে পেরেছেন। ২ বলে অপরাজিত ১০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কার্তিক। যদিও ২ বলের এমন ইনিংসে অমীমাংসিত প্রশ্নের মীমাংসা হয়নি।

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার

তবে ভারতের এই সমস্যার সমাধান দিয়েছেন কিংবদন্তি দুই ব্যাটসম্যান সুনীল গাভাস্কার ও ম্যাথু হেইডেন। যদিও দুজনের সমাধানের পথটা ভিন্ন। সুনীল গাভাস্কার মনে করেন ভারতের একাদশে পন্ত আর কার্তিক দুজনকেই জায়গা দেওয়া সম্ভব। অন্যদিকে হেইডেন মনে করেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপে কার্তিকের চেয়ে বেশি কার্যকরী হবেন পন্ত।

স্টার স্পোর্টসকে সুনীল গাভাস্কার বলেছেন, ‘আমি দুজনকেই একাদশে দেখছি। পান্ডিয়া পাঁচে আর পন্ত খেলবে ছয়ে কিংবা পরিস্থিতির ওপর নির্ভর করে পান্ডিয়ার আগেও পন্তকে খেলানো যায়।’

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেন

আগেই বলা হয়েছে, যদিও হেইডেনের মত ভিন্ন। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার মনে করেন, অস্ট্রেলিয়ার বড় মাঠে পন্তের পাওয়ার হিটিং বেশি কাজে লাগবে ভারতের, ‘আমার মনে হয় পন্তকে খেলানো উচিত। বিশ্বকাপে তার ওপর ভরসা রাখতে হবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে হলে আপনার দলে পাওয়ার হিটার লাগবে। কার্তিকও দারুণ ব্যাটসম্যান, বোলারদের পেস কাজে লাগাতে পারে। তবে মেলবোর্নের মাঠ বড়, ওখানে পাওয়ার হিটার লাগবে। বিশেষ করে স্কয়ার অব দ্য উইকেটের বাউন্ডারি পার করতে।’
গ্রুপ পর্বে মেলবোর্নে দুটি ম্যাচ খেলবে ভারত। এর একটি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।