জিডি ট্রফি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
জিডি ট্রফি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

গেম ডেভেলপমেন্ট ট্রফি কী, কেন আয়োজন করছে বিসিবি

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের খেলতে দেখা যায় নিয়মিতই। যুব এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অংশ নেয় তারা। অনূর্ধ্ব-১৯ পর্যায় পেরিয়ে আসা ক্রিকেটারদের নিয়ে এবার বিসিবি গড়েছে অনূর্ধ্ব-২৩ দল। এই দুই বয়সভিত্তিক দলের সঙ্গে অনূর্ধ্ব-১৭ দলকে নিয়ে আয়োজন করা হয়েছে গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি।

২৮ আগস্ট শুরু হবে তিন দলের এই ৫০ ওভারের টুর্নামেন্ট। প্রথম পর্বে প্রতিটি দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে। ৯ সেপ্টেম্বর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

আজ এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, অনুশীলন ক্যাম্পের বাইরে ক্রিকেটারদের আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার সুযোগ করে দিতে চান তাঁরা। বিশেষ করে অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটারদের জন্য এটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন তামিম।

বয়সভিত্তিক ক্রিকেটারদের সামনে এই টুর্নামেন্ট বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলেই বিশ্বাস তামিমের, ‘অনূর্ধ্ব-১৭ যখন অনূর্ধ্ব-২৩–এর সঙ্গে খেলবে, (অনূর্ধ্ব–১৭–এর জন্য) চ্যালেঞ্জিং হবে। হয়তো খুব কম রানে আউট হয়ে যেতে পারে অথবা খুব ভালোও খেলতে পারে। কিন্তু এই বয়সেই যদি ওদের এই চ্যালেঞ্জটা না দেওয়া যায়, তাহলে ক্রিকেট বোর্ড বা নির্বাচকদের বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো স্পেশাল ক্রিকেটার আছে কি না।’

এখন থেকে প্রতিবছরই গেম ডেভেলপমেন্ট ট্রফি আয়োজন করতে চায় বিসিবি। ভবিষ্যতে মেয়েদের বয়সভিত্তিক দলগুলোকে নিয়েও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে তাদের। গেম ডেভেলপমেন্ট ট্রফির কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করবে বিসিবি।

ক্রিকেটাররা তাতে বাড়তি অনুপ্রেরণা পাবেন বলে বিশ্বাস তামিমের, ‘১৭ বছরের একটা ছেলে মিরপুরে খেলছে, তার মা-বাবা বাসায় বসে খেলা দেখছে, এই অভিজ্ঞতাটাই আমি তাদের দিতে চাই। মূল লক্ষ্য হলো ট্যালেন্ট খুঁজে বের করা এবং আইডেন্টিফাই করা।’

জিডি ট্রফি সূচি:


২৮ আগস্ট, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯–বাংলাদেশ অনূর্ধ্ব ১৭
৩০ আগস্ট, বাংলাদেশ অনূর্ধ্ব ২৩–বাংলাদেশ অনূর্ধ্ব ১৯
১ সেপ্টেম্বর, বাংলাদেশ অনূর্ধ্ব ১৭–বাংলাদেশ অনূর্ধ্ব ২৩
৩ সেপ্টেম্বর, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯–বাংলাদেশ অনূর্ধ্ব ১৭
৫ সেপ্টেম্বর, বাংলাদেশ অনূর্ধ্ব ২৩–বাংলাদেশ অনূর্ধ্ব ১৯
৭ সেপ্টেম্বর, বাংলাদেশ অনূর্ধ্ব ১৭–বাংলাদেশ অনূর্ধ্ব ২৩      
৯ সেপ্টেম্বর, ফাইনাল