অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আইসিসির আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করায় তিরস্কার করা হয়েছে নাহিদ রানাকে, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে নামের পাশে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি।
সিরিজের প্রথম ওয়ানডেতে ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। জশ ইংলিসকে আউট করার পর নাহিদ রানা আগ্রাসী ভঙ্গিতে তাঁর দিকে এগিয়ে যান এবং কিছু শব্দ উচ্চারণ করেন। তখন ইংলিসকেও তর্কে জড়াতে দেখা যায়।
এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভাঙার অভিযোগ আনা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর তাঁকে অপমান করতে পারে বা খেপিয়ে তুলতে পারে—এমন কোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ।
এই অপরাধের কারণে তিরস্কারের সঙ্গে নাহিদের শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। ম্যাচ রেফারির আনা অভিযোগ মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। লেভেল–১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে কোনো খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।
গত ২৪ মাসে এটি নাহিদ রানার দ্বিতীয় অপরাধ। ফলে তাঁর মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুই। এর আগে গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ফলো থ্রুর সময় আয়ারল্যান্ড ব্যাটসম্যান কেড কারমাইকেলের দিকে বল ছুড়ে মারেন নাহিদ রানা।
এ ঘটনায় বাংলাদেশের এই পেসারকে তখন ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। একজন খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড় নিষিদ্ধ হন। দুটি সাসপেনশন পয়েন্ট পেলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি–টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়।