সাফজয়ী ওঁরা ২৩ জন

শামসুন্নাহার সিনিয়র

সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান

শামসুন্নাহার সিনিয়র, ডিফেন্ডার
শামসুন্নাহার সিনিয়র, ডিফেন্ডার

অনুশীলনে কোচ গোলাম রব্বানী প্রায়ই চিৎকার করে বলেন, ‘ওই শামসু, ওই চামপু, আরও সামনে এগিয়ে যা।’ জাতীয় দলে বর্তমানে খেলছেন দুজন শামসুন্নাহার। তাঁদেরই একজন সিনিয়র শামসুন্নাহার খেলেন ডিফেন্ডার পজিশনে। পুরো নামে না ডেকে কোচ মজা করে শামসুন্নাহারকে এভাবেই ছোট নামে ডাকেন। 

ক্যারিয়ারের শুরুতে শামসুন্নাহার সিনিয়রকে কোচ লেফটব্যাক পজিশনে খেলাতেন। মাঝে কিছুদিন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও। কিন্তু আবার আগের পজিশনে ফিরে এসেছেন শামসুন্নাহার।

বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে স্কুলে যেতেন শামসুন্নাহার। স্কুলের ড্রেস পরে জার্সি আর বুট জোড়া লুকিয়ে রাখতেন ব্যাগে।

সিনিয়র শামসুন্নাহারের বাড়ি ময়মনসিংহের দক্ষিণ রানীপুর গ্রামে। ২০১৪ সালে প্রথমবার বয়সভিত্তিক জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পান। এর পর থেকে নিয়মিত বাংলাদেশ দলের বয়সভিত্তিক ও জাতীয় দলে খেলছেন। ময়মনসিংহ ভাষাসৈনিক শামসুল হক কলেজের
উচ্চমাধ্যমিকের ছাত্রী শামসুন্নাহার এবারের সাফে বাংলাদেশের রক্ষণটা দারুণভাবে আগলে রেখেছেন। 

কলসিন্দুর স্কুলের আর দশটা মেয়ের মতো ফুটবল খেলার শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন শামসুন্নাহার। মা–বাবা তো চাইতেনই না, প্রতিবেশীরাও চাইতেন না যে মেয়েরা ফুটবল খেলুক। বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে স্কুলে যেতেন শামসুন্নাহার। স্কুলের ড্রেস পরে জার্সি আর বুট জোড়া লুকিয়ে রাখতেন ব্যাগে। গ্রামের মানুষের সামনে ভয়ে যেতেন না। তাঁদের এড়িয়ে চলতেন। সেই শামসুন্নাহারই এখন রানীপুর গ্রামের ফুটবলের রানি।