ফিফা সভাপতি নির্বাচন

আটজন নয়, প্রার্থী সাতজন

প্রার্থী হয়েছিলেন আটজন। কিন্তু এক দিন পরই সংখ্যাটা সাতে নেমে এল। ফিফা সভাপতি হতে আগ্রহী সাবেক ত্রিনিদাদ ও টোবাগো অধিনায়ক ডেভিড নাখিদের প্রার্থিতা বাতিল করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আরেক প্রার্থী মিশেল প্লাতিনির প্রার্থিতার আবেদনপত্র গ্রহণ করা হলেও আপাতত সেটিকে নির্বাচনে প্রক্রিয়াধীন করা হবে না বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে ফিফা।
নাখিদের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার কারণটাও জানিয়েছে ফিফা। নিয়মানুযায়ী প্রার্থী হতে হলে ফিফার সদস্য পাঁচটি ফেডারেশনের সমর্থন নিয়ে আবেদনপত্র জমা দিতে হয়। কিন্তু নাখিদ যে পাঁচটি ফেডারেশনের সমর্থন জমা দিয়েছিলেন, সেগুলোর একটি আগেই অন্য এক প্রার্থীকেও সমর্থন দিয়েছে। স্বাভাবিকভাবেই নির্বাচনে দাঁড়ানোর জন্য অযোগ্য বিবেচিত হয়েছেন ৫১ বছর বয়সী সাবেক ত্রিনিদাদ ও টোবাগো অধিনায়ক।
অন্যদিকে দুর্নীতির অভিযোগে প্লাতিনি বর্তমানে ফিফার নৈতিকতা কমিটির দেওয়া ৯০ দিনের নিষেধাজ্ঞায় আছেন। যে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। নিষেধাজ্ঞার কারণেই ফুটবল-সংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না কিংবদন্তি ফরাসি ফুটবলার। এরই মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন প্লাতিনি। তবে বিবৃতিতে ফিফা বলেছে, ‘সভাপতি নির্বাচনের আগে প্লাতিনির নিষেধাজ্ঞা ওঠা বা শেষ হওয়া সাপেক্ষে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেটা যথাসময়ে এই নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিটি সিদ্ধান্ত নেবে।’
আগামী ২৬ ফেব্রুয়ারি ফিফার সভাপতি নির্বাচন। এএফপি।