মালদ্বীপের চ্যাম্পিয়ন ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এএফসি কাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।
মাজিয়া দলটার সবচেয়ে বড় শক্তি ৬৩ বছর বয়সী সার্বিয়ান কোচ মিওদরাগ জেসিক। ইউরোপের যুগোস্লাভিয়া, বুলগেরিয়াসহ লিবিয়া ও মিয়ানমারেও চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে তাঁর।
কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম আলোর সঙ্গে একান্তে কথা বলেছেন এএফসি কাপের ‘ডি’ গ্রুপের সবচেয়ে অভিজ্ঞ কোচ।
প্রশ্ন: বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপ শুরু করতে যাচ্ছেন। বাস্তবিক অর্থে এই ম্যাচে আপনার প্রত্যাশা কী?
মিওড্রাগ জেসিক: গত বছর বসুন্ধরা কিংসের বিপক্ষে মাজিয়া ২-০ গোলে হেরেছিল। সুতরাং আজ তাদেরই ফেবারিট হিসেবে এগিয়ে রাখছি। ভালো করেই জানি, আমাদের প্রতিপক্ষ ৪ মিলিয়ন ইউরো বাজারদরের (প্রায় ৩৭ কোটি টাকা) বসুন্ধরা কিংস।
দল গঠনের জন্য বিশাল বিনিয়োগ করেছে তারা। তবে এবার মাজিয়া আগেরবারের চেয়ে সুন্দর ও আকর্ষণীয় ফুটবল খেলবে, ফলাফলও আগেরবারের চেয়ে ভালো হবে। এ বছর আমরা বসুন্ধরাকে হারাতে চাই। এখানে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এ জন্য আমাদের নিজেদের যোগ্যতাটা প্রমাণ করতে হবে।
ভালো করেই জানি, আমাদের প্রতিপক্ষ ৪ মিলিয়ন ইউরো বাজারদরের (প্রায় ৩৭ কোটি টাকা) বসুন্ধরা কিংস। দল গঠনের জন্য বিশাল বিনিয়োগ করেছে তারা।মাজিয়া স্পোর্টস কোচ
প্রশ্ন: বোঝা যাচ্ছে কিংস দল সম্পর্কে আপনি অনেক খোঁজখবর নিয়েছেন। এই দলটা সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই।
জেসিক: দলের অধিকাংশ স্থানীয় খেলোয়াড় জাতীয় দলের। তাই আমি বসুন্ধরা ম্যাচের ভিডিও ছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটা মাঠে বসে দেখেছিলাম। দলটা শুধু স্থানীয় খেলোয়াড়দের ওপর নির্ভর করে না, বিদেশি খেলোয়াড়েরাও এই দলটার মেরুদণ্ড। ছয় বিদেশির সঙ্গে দুজন বিদেশি খেলোয়াড় আছে, যারা বাংলাদেশি পাসপোর্টধারী।
আমার দৃষ্টিতে কিংস দলের শক্তিটা বাংলাদেশ জাতীয় দলের মতোই। জাতীয় দলের চেয়ে বেশিও হতে পারে। স্প্যানিশ কোচের অধীনে ১২ জনের কোচিং স্টাফ। এর অর্থ তারা অনেক সংগঠিত ও উঁচু লেভেলের একটি ক্লাব। দলে রবিনহো, কিংসলি, রেজাদের মতো খেলোয়াড়েরা আছে। কে খেলার অনুমতি পেয়েছে, কে পায়নি—সব খবরই আমি রাখি।
প্রশ্ন: কিংসের মতো মাজিয়া দলেও আছেন ১২ জন জাতীয় দলের খেলোয়াড়। বিদেশি খেলোয়াড়দের এক পাশে সরিয়ে রাখলে ম্যাচটি বাংলাদেশ বনাম মালদ্বীপ হয়ে যাচ্ছে কি না!
জেসিক: এভাবে তুলনা করা যাবে না। দুটি দল দুটি দেশের প্রতিনিধিত্ব করছে। ক্লাব ফুটবল আর জাতীয় দলের মধ্যে অনেক পার্থক্য। যেমন কিংস এখানে ছয়জন বিদেশি খেলোয়াড় নিয়ে এসেছে আর আমাদের দলে চারজন। এটা বড় একটা পার্থক্য।
প্রশ্ন: এএফসি কাপে আসার আগে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে আপনার দলের ১১ জয়। দল গোল করেছে ৫০টি। দুর্দান্ত এই সাফল্যের রসায়ন কী?
জেসিক: সবকিছু মিলিয়ে মাজিয়া দলটা এখন সেরা সময়ে আছে। আধুনিক ও আকর্ষণীয় ফুটবল খেলছে। সবার আগে আমরা আমাদের সমর্থকদের খুশি করার জন্য খেলি। ফুটবলে সমর্থকেরা হলো প্রাণ। ফলাফলটা শুধু দৃশ্যমান। সমর্থকদের খুশি করার জন্য খেললে ভালো ফলাফল এমনিতেই চলে আসবে।
এ ধরনের টুর্নামেন্টে একটা ভুলই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। পরিসংখ্যান ও অতীত বিচার করলে খুব সহজেই ফেবারিট খুঁজে পাওয়া যায়। তবে পরিসংখ্যান দিয়ে মাঠের খেলার বিচার করা যাবে না।মাজিয়ার কোচ
প্রশ্ন: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে চার দলের মধ্যে কোন দলকে এগিয়ে রাখবেন?
জেসিক: ফুটবলে সবকিছুই সম্ভব। বিশেষ করে এ অঞ্চলের ফুটবলে। এ ধরনের টুর্নামেন্টে একটা ভুলই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। পরিসংখ্যান ও অতীত বিচার করলে খুব সহজেই ফেবারিট খুঁজে পাওয়া যায়।
তবে পরিসংখ্যান দিয়ে মাঠের খেলার বিচার করা যাবে না। এখানে প্রতিটি দেশের বড় দল এসেছে। সবাই ৯০ মিনিটই খেলবে। সবাই সম্মান পাওয়ার যোগ্য। তাই এ প্রশ্নটার উত্তরের জন্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রশ্ন: বয়স ও কোচিং ক্যারিয়ারের বিচারে টুর্নামেন্টে আপনিই সবচেয়ে অভিজ্ঞ কোচ। নিজের অভিজ্ঞতাকে আলাদা হিসেবে প্রমাণ করার কোনো চাপ অনুভব করছেন কি না?
জেসিক: অবশ্যই। আমি, আমার কোচিং স্টাফ ও দলের সঙ্গে সবাই ভালো কিছু করার চাপ অনুভব করছি। এএফসি কাপের মতো বড় টুর্নামেন্টে আমার জন্য চ্যালেঞ্জের।