
চোট ছিল আগে থেকেই। কোচ জেরার্ডো মার্টিনো আভাসও দিয়ে রেখেছিলেন, লিওনেল মেসিকে এ ম্যাচে না-ও খেলাতে পারেন। কিন্তু নিশ্চিত যেহেতু করেননি, কিছুটা আশা তো ছিলই। আর সেই আশাতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হাজার পঞ্চাশেক দর্শক। কিছুটা সময়ের জন্যও যদি মেসি নামেন, টিকিটের টাকাটা উশুল হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত মেসি পারলেন না চোটকে জয় করতে, তাঁকে নিয়ে তাই ঝুঁকি নিলেন না আর্জেন্টিনার কোচ মার্টিনোও। অবশ্য তাঁকে ছাড়াই ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচটা ২-১ গোলে জিতল আর্জেন্টিনা।
মেসিকে ছাড়াই আর্জেন্টিনা পেরেছে, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া পারেনি পর্তুগাল। প্রতিপক্ষ দুর্বল কেপ ভার্দে। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস তাই এ ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন রোনালদোসহ প্রথম একাদশের বেশির ভাগ খেলোয়াড়কে। সেটার খেসারত দিতে হয়েছে ফিফা র্যা ঙ্কিংয়ে ৩৮ নম্বরে থাকা কেপ ভার্দের কাছে ২-১ গোলে হেরে।
মেটলাইফ স্টেডিয়ামে পরশু সন্ধ্যার (বাংলাদেশ সময় কাল ভোরে) ম্যাচে আর্জেন্টিনাকে ৮ মিনিটেই এগিয়ে দেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তবে গোল খেয়েও আক্রমণাত্মক ছিল ইকুয়েডর। সেটার সুফলও পায় তারা। ২৪ মিনিটেই ফরোয়ার্ড মিলার বোলানোস শোধ করে দেন গোল। বিরতির পর থেকে জয় পেতে আরও মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনাও। অবশেষে ৫৮ মিনিটে আর্জেন্টাইনদের মুখে হাসি ফোটান পিএসজির মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয় ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে থাকল নিউ জার্সির দর্শকদের মেসিকে দেখতে না-পারার আক্ষেপটাই। ম্যাচ শেষে সংবাদ সম্মলেনে পরিস্থিতি ব্যাখ্যা করলেন আর্জেন্টাইন কোচ মার্টিনো, ‘মেসির বুট পরতে সমস্যা হচ্ছে। ওর পায়ে ভীষণ ব্যথা হচ্ছে বুট পরলেই। আজ তাকে খেলানোর কোনো উপায়ই ছিল না। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আগে আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে বলেও মনে করেন মার্টিনো, সামগ্রিকভাবে এটা খুব ভালো জয়। তবে খেলোয়াড়দের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।’
গত রোববারই ইউরোর বাছাইপর্বে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগাল। তবে ওই ম্যাচের বেশির ভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে পরশু রাতে কেপ ভার্দের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামান পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি কেপ ভার্দে। পর্তুগালকে চমকে দিয়ে ৩৭ মিনিটে ওদাইর ফোর্তেসের গোলে এগিয়ে যায় আফ্রিকার দেশটি। ৬ মিনিট পর স্বাগতিকদের গ্যালারি স্তব্ধ করে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কেপ ভার্দে ডিফেন্ডার গেগে। নিজের মাঠে পর্তুগালের ভোগান্তির এখানেই শেষ নয়। ৬০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগিজ ডিফেন্ডার আন্দ্রেস পিন্টো। ১০ জনের দল হয়ে যাওয়ার পর হার এড়ানো আরও কঠিন হয়ে যায় পর্তুগালের জন্য। এএফপি।