
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড মনে করেন কোপার ফাইনালের পর লিওনেল মেসির অবসর ঘোষণা এএফএর বাজে নেতৃত্বেরই ফলাফল। তিনি মেসিকে সময় দেওয়ার পক্ষে। বলেছেন, অবশ্যই মেসিকে ভীষণই দরকার আর্জেন্টিনার।
তেভেজের মতে, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন বিশৃঙ্খলায় পরিপূর্ণ। মেসির এই অবসর ঘোষণার নেপথ্যে এএফএ’র বিশৃঙ্খলা অনেকাংশে দায়ী। লিও যখন দেখছে তাঁর দলের খেলোয়াড়েরা আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিটার সম্মান রক্ষায় নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েও এএফএ’র কাছ থেকে কেবল অবহেলাই পাচ্ছে, তখন সে বিরক্ত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে।’
মেসির জায়গায় নিজেকে দাঁড় করিয়ে আর্জেন্টাইন তারকার দুঃখটা বোঝার চেষ্টা করছেন তেভেজ, ‘আমরা মেসির জায়গায় নিজেদের দাঁড় করাই। সে এই মুহূর্তে বড় ক্লান্ত। এএফএর কারণেই এটা হয়েছে। আমিও অনেকবার এএফএর কর্মকাণ্ডে ক্লান্ত বোধ করেছি। তাঁকে সময় দিতে হবে। কোনো সন্দেহ নেই যে মেসিকে আর্জেন্টিনার দরকার।’ সূত্র: গোলডটকম।