
জার্সি তো নয়, যেন জীববিদ্যার পাঠ। স্প্যানিশ তৃতীয় বিভাগের দল সিডি পালেনসিয়া এই জার্সির কারণেই এখন আলোচনায়। মৌসুম প্রায় শেষ, স্প্যানিশ দ্বিতীয় বিভাগে ওঠার প্লে-অফে খেলবে দলটি। ম্যাচে খেলোয়াড়েরা যাতে তাঁদের শরীরের ভেতরের সব জেদ, সব শক্তি ঢেলে দিতে পারেন সেটি মাথায় রেখেই করা হয়েছে জার্সির এই নকশা! তবে প্লে-অফে কী হবে, সেটি পরের ব্যাপার। এই জার্সিটি এরই মধ্যে পেয়েছে সবচেয়ে জঘন্য জার্সির ‘স্বীকৃতি’। এটি নিয়ে এমনিতেই ক্লাবের সমর্থকদের লজ্জার শেষ নেই, ফুটবল-বিষয়ক ওয়েবসাইট কটঅফসাইডের টুইট সেটি আরও বাড়িয়েই দেবে, ‘সবচেয়ে জঘন্যতম জার্সির পুরস্কার যাচ্ছে...সিডি পালেনসিয়ার হাতে!’ গোলডটকম।