এমবাপ্পের জন্য আগ্রহী রিয়াল ও একটি নাম প্রকাশ না করা ইংলিশ ক্লাব
এমবাপ্পের জন্য আগ্রহী রিয়াল ও একটি নাম প্রকাশ না করা ইংলিশ ক্লাব

এমবাপ্পেকে নিয়ে রাতভর উত্তেজনা, রিয়াল ছাড়াও আগ্রহী এক ইংলিশ ক্লাব

গত রাতে বোমাই ফাটাল ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা রাতের খাবার খেয়ে ঘুমোতে যাবেন কি, আরএমসি স্পোর্তের এই খবরে উত্তেজনার পারদ বাড়ল চড়চড় করে। দলবদলের বাকি আছে আর মাত্র সপ্তাহখানেক। এই এক সপ্তাহে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিলিয়ান এমবাপ্পেও ক্লাব ছাড়ার জন্য ব্যাকুল হয়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যমটি।

দলে আগে থেকেই ছিলেন নেইমার, ভেরাত্তি, ইকার্দি, নাভাসের মতো তারকারা। এবার যোগ দিয়েছেন মেসি, রামোস, ভাইনালডম, হাকিমি, দোন্নারুম্মারাও। কাগজে-কলমে বিশ্বের সেরা ক্লাব হওয়ার, সম্ভাব্য সকল শিরোপা জেতার রসদ আছে পিএসজির কাছেই। তা সত্ত্বেও এমবাপ্পে পিএসজিতে থাকতে চাইছেন না। এমনিতেই ২০২২ সালে পিএসজির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাবে। দেশের সবচেয়ে বড় ফুটবল প্রতিভাকে দেশেই ধরে রাখার জন্য পিএসজি চেষ্টার কমতি করছে না কোনো। চুক্তি বাড়ানোর জন্য হাজারো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এমবাপ্পে মানলে তো!

মেসি আসার পর থেকেই মন ছুটে গেছে এমবাপ্পের

এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন ওঠার নেপথ্যে রয়েছে লিওনেল মেসির দলবদল। বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর গুঞ্জন ওঠে, ফরাসি ক্লাবটি ছাড়তে পারেন তিনি। এ নিয়ে নাকি বৈঠকও হয় দুই পক্ষের। তাতে লাভ হয়নি। এমবাপ্পে যে পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন না, এটা আগের খবর। আরএমসি স্পোর্ত জানিয়েছে, এমবাপ্পে যেহেতু একদমই চুক্তি বাড়াতে রাজি নন, তাই আগামী বছর চুক্তি শেষে এমবাপ্পেকে ফ্রি-তেও ছাড়তে চায় না পিএসজি। এই এক সপ্তাহের মধ্যে পছন্দমতো প্রস্তাব পেলে এমবাপ্পেকে বিক্রি করে দেবে তাঁরা, এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমটি।

ভালো দাম পেলে এমবাপ্পেকে বিক্রি করে দেবে পিএসজি

পিএসজির সর্বশেষ নতুন চুক্তির প্রস্তাবটাও প্রত্যাখ্যান করেছেন এমবাপ্পে। পাঁচ বছরের চুক্তিতে এমবাপ্পেকে নেইমারের সমান বেতন দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু এমবাপ্পে তাতেও রাজি হননি। এমবাপ্পেকে পেতে চায় রিয়াল মাদ্রিদ, সেটা যে কেউই জানে। এমবাপ্পেও রিয়ালে যেতেই সবচেয়ে বেশি আগ্রহী, তা-ও অজানা নয়। কিন্তু করোনার কারণে এমবাপ্পের পেছনে আকাশছোঁয়া খরচ করতে রিয়াল রাজি কি না, সেটাই কথা। ওদিকে আরএমসি স্পোর্ত জানিয়েছে, শুধু রিয়ালই নয়, এমবাপ্পের জন্য আগ্রহ দেখিয়েছে নাম প্রকাশ না করা এক ইংলিশ ক্লাব। রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না পাঠালেও সেই ইংলিশ ক্লাবটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর!

এদিকে আরএমসি স্পোর্ত জানিয়েছে, এমবাপ্পেকে যে ক্লাব ছাড়বেন, এর মধ্যেই সে প্রস্তুতি নেওয়া শুরু করেছে পিএসজি। এমবাপ্পের বিকল্প খেলোয়াড়ও বলে খোঁজা শুরু হয়ে গিয়েছে তাঁদের। নেইমার বলে এমবাপ্পের বিকল্প থেকে স্বদেশি রিচার্লিসনকে কেনার কথা বলেছেন পিএসজিকে, এটাই জানিয়েছে আরএমসি স্পোর্ত। রিচার্লিসন এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে খেলেন।

আগামী এক সপ্তাহে এই নাটক চলবে পুরোদমে, এটাই বলা যায় এখন!