
ফুটবল মাঠে প্রতিপক্ষের শক্তি কমুক এটাই চায় সবাই। সে হিসেবে গতকাল আতালান্তার হয়তো সুবিধাই হলো। ফ্রেঞ্চ কাপের ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির ভয়ংকর আক্রমণভাগের একটি অস্ত্র কমে গেলে আতালান্তার জন্য চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার কাজটা একটু সহজ হয়ে যায়। কিন্তু আতালান্তা কোচ এভাবে জিততে রাজি নন। একজন খেলোয়াড়ের চোটের মতো বিপর্যয়কে সুবিধা হিসেবে দেখতে রাজি নন জিয়ান পিয়েরো গাসপেরিনি।
এ মৌসুমে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে আতালান্তা। কিন্তু রক্ষণে মনোযোগ কম থাকায় ইতালিয়ান লিগ জয়টা এবার অন্তত হচ্ছে না তাদের। গতকাল এসি মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দৌড় থেকে ছিটকে পড়া আতালান্তার জন্য এখন চ্যাম্পিয়নস লিগই ভরসা। এই প্রথম নকআউটে ওঠা দলটি কোয়ার্টার ফাইনালে ১২ আগস্ট মুখোমুখি হবে পিএসজির। গতকাল ফ্রেঞ্চ কাপে ৩১ মিনিটে চোট পেয়েছেন এমবাপ্পে। এখন পর্যন্ত অনুমান করা হচ্ছে, কোয়ার্টার ফাইনালের আগে পূর্ণ সুস্থ হওয়া সম্ভব নয় এমবাপ্পের পক্ষে।
পিএসজির জন্য যা দুর্ভাগ্য, সেটা প্রতিপক্ষের জন্য সুখবর। তাই আতালান্তার ম্যাচ শেষে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, এর সুবিধা পাবেন কিনা গাসপেরিনি। কিন্তু নিজের সুবিধার চেয়ে একজন খেলোয়াড়ের চোট পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কোচের কাছে, 'ওর জন্য দুঃখিত, আমি জানতাম না (চোটের কথা)। এমবাপ্পে খুব ভালো একজন মানুষ, আশা করছি এটা গুরুতর কিছু না। আমরা চাই না অন্যের দুর্ভাগ্যের কারণে জিততে। বরং এমন মানের খেলোয়াড়দের বিপক্ষে জয় পেলেই সেটা আরও বেশি কিছু মনে হয়।'
ওদিকে পিএসজি কোচ টমাস টুখেল স্বীকার করে নিয়েছেন দলের সেরা অস্ত্রের একজন এভাবে চোট পাওয়া কতটা দুশ্চিন্তায় ফেলেছে তাঁকে, 'আমার কাছে এখন কোনো খবর নেই (কতটা গুরুতর চোট)। চোট পাওয়ার সময়ের ছবি দেখে যে কেউই ভয় পাবে। আমি অবশ্যই এ নিয়ে চিন্তিত।'