
>ওভাল টেস্টে ভারত হারলেও দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন ঋষভ পন্ত। ২০ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে এশিয়া কাপের স্কোয়াডে না দেখে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
মহেন্দ্র সিং ধোনি তাঁর ৯০ টেস্টের ক্যারিয়ারে বিদেশের মাটিতে কখনো সেঞ্চুরি পাননি। ঋষভ পন্ত সে তুলনায় তিন টেস্টের ক্যারিয়ারেই ছাপিয়ে গেছেন ধোনিকে! সর্বশেষ ওভাল টেস্টেই লড়াকু সেঞ্চুরি তুলে নেন এই উইকেটরক্ষক। ভারত হারলেও তাঁর ১১৪ রানের ইনিংস লড়াইয়ে টিকিয়ে রেখেছিল দলকে। তরুণ প্রতিশ্রুতিশীল এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এশিয়া কাপের স্কোয়াডে কেন নেই, সেই প্রশ্ন তুলেছেন হরভজন সিং।
ঋষভের খেলার ধাঁচ দেখে প্রশ্নটা তুলেছেন ভারতের সাবেক এই স্পিনার। ২০ বছর বয়সী ঋষভ টেস্টেও চড়াও হয়ে খেলতে পছন্দ করেন। হরভজনের যুক্তি, সংক্ষিপ্ত সংস্করণের সঙ্গে ঋষভের খেলা বেশি মানানসই। ওভাল টেস্টেই ১১৭ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ঋষভ। টেস্টে ছক্কা মেরে রানের খাতা খোলা ব্যাটসম্যানের সংখ্যা খুব বেশি নেই। ঋষভ ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন এই তালিকায়।
ইংল্যান্ডে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ধারাভাষ্যকার ছিলেন হরভজন। সেখানে ঋষভের ভয়ডরহীন ব্যাটিং দেখেই সম্ভবত টুইটারে হরভজনের প্রশ্ন, ‘এশিয়া কাপের ওয়ানডে স্কোয়াডে সে নেই কেন? এই সংস্করণের জন্য তাঁর খেলাটা বেশি মানানসই।’
ভারতের প্রথম উইকেটরক্ষক হিসেবে ইংল্যান্ডে সেঞ্চুরি তুলে নেওয়া ঋষভ ২০১৬-১৭ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে নব্বইয়ের বেশি গড়ে মোট ৯০৭ রান করেন। আইপিএলে ও ভারত ‘এ’ দলের হয়েও ভালো খেলেছেন তিনি। এশিয়া কাপে ভারতীয় স্কোয়াডে ধোনির সঙ্গে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দীনেশ কার্তিকেও নেওয়া হয়েছে।
এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড থেকে এর আগে মৈনাক আগাওয়ালের ছিটকে পড়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন হরভজন। টুইটারে সুরটা বেশ চড়া করেই তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘মৈনাক আগারওয়াল কোথায়? এত রান (ঘরোয়া) করার পরও তাঁকে স্কোয়াডে দেখলাম না...মনে হয় একেকজনের জন্য একেক নিয়ম।’