
প্রথমার্ধ গোলশূন্য, দ্বিতীয়ার্ধও তা-ই। এবারের কোপা আমেরিকার নিয়মানুযায়ী তাই কোয়ার্টার ফাইনাল গড়াল টাইব্রেকার নামের ভাগ্যের খেলায়। আর সেখানেই কলম্বিয়ার নায়ক হয়ে গেলেন গোলরক্ষক ডেভিড অসপিনা। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই পেরুকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠে গেছে কলম্বিয়া। শেষবার তারা কোপা আমেরিকার সেমিফাইনালে খেলেছিল এক যুগ আগে, ২০০৪ সালে।
ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় আজ সকালের ম্যাচটায় নির্ধারিত সময়ে গোলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দলই। তবে ওই রকম খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ২১ মিনিটে কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজের দুর্দান্ত একটা শট ফিরে ফিরে আসে পোস্টে লেগে। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে কর্নার থেকে পাওয়া বলে পেরুর ক্রিস্তিয়ান রামোসের হেড দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক অসপিনা।
কোপা আমেরিকার শতবর্ষীয় এই সংস্করণে ফাইনাল ছাড়া অন্য কোনো ম্যাচের জন্য অতিরিক্ত সময় খেলার নিয়ম রাখা হয়নি। ম্যাচ তাই সরাসরি গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটের প্রথম দুটি শটের পরও সমতা থাকে। কলম্বিয়ার পক্ষে রদ্রিগেজ ও জুয়ান কুয়াদ্রাদো গোল করেন। আর পেরুর পক্ষে গোল পান রাউল রুইদিয়াজ এবং রেনাতো তাপিয়া। তৃতীয় শটে কলম্বিয়াকে এগিয়ে নেন দায়রো মোরেনো। কিন্তু ব্যর্থ হন পেরুর মিগুয়েল ত্রাওকো। তাঁর শর্ট অসপিনা রুখে দেওয়ার পর কলম্বিয়ার হয়ে চতুর্থ শটে গোল করেন সেবাস্তিয়ান কারদোনা। পেরুর ক্রিস্টিয়ান কুয়েভা পরের শটটা বারের ওপর দিয়ে মারলে নিশ্চিত হয়ে যায় ৪-২ ব্যবধানে কলম্বিয়ার জয়।
সেমিফাইনালে কলম্বিয়া খেলবে মেক্সিকো-চিলি কোয়ার্টার ফাইনালের জয়ী দলের বিপক্ষে। এএফপি।