কাতারকে হারানো দলের কেউ খেলবেন না নীলফামারীতে?

কাতারের বিপক্ষে খেলা বাংলাদেশের একাদশের কাউকেই হয়তো দেখা যাবে না শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সংগৃহীত ছবি
কাতারের বিপক্ষে খেলা বাংলাদেশের একাদশের কাউকেই হয়তো দেখা যাবে না শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দেখা যাবে না এশিয়ান গেমসে নিয়মিত খেলা ফুটবলারদের। নীলফামারীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট।


শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ড্রেস মহড়া দেবে বাংলাদেশ, এমনটাই হয়তো ভেবেছিলেন সবাই। কিন্তু তা হচ্ছে না প্রায় নিশ্চিত। কারণ এশিয়ান গেমসে নিয়মিত মাঠে নামা খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার জন্য লঙ্কানদের বিপক্ষে তাঁদের খেলাতে চাচ্ছেন না বাংলাদেশ কোচ জেমি ডে। ২৯ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে নীলফামারীতে।


এশিয়াডে না খেলতে পারা ও দলের সঙ্গে থাকা সিনিয়র খেলোয়াড়দের নিয়েই গড়া হবে এ ম্যাচের দল। উজবেকিস্তান, থাইল্যান্ড, কাতার ও উত্তর কোরিয়ার বিপক্ষে এশিয়ান গেমসের চারটি বড় ম্যাচে প্রায় একই একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে এ খেলোয়াড়দের ওপরে ধকলটাও গিয়েছে বেশ। এর সঙ্গে যোগ হয়েছে দেশে ফেরার বিমান ভ্রমণের ক্লান্তি। তাই খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার গুরুত্ব অনুভব করছে বাংলাদেশ কোচিং স্টাফ। দলের একটি সূত্র জানিয়েছে ৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সাফের আগে দলকে সতেজ রাখার জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়াডের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে।

এশিয়াডে ১৪ আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আর শেষ ষোলোতে উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের বিদায়ী ম্যাচটি ছিল ২৪ আগস্ট। অর্থাৎ ১০ দিনের ব্যবধানে বড় চারটি ম্যাচ খেলেছেন সাদউদ্দীন, জামাল ভূঁইয়ারা। অন্যদিকে ইন্দোনেশিয়ায় যাওয়া মোট ২৭ সদস্যের দলের অর্ধেকের বেশি খেলোয়াড় আছেন পুরোপুরি ম্যাচ অনুশীলনের বাইরে। ফলে একদলকে বিশ্রাম দেওয়া যেমন প্রয়োজন, ঠিক তেমনি অন্যদের ম্যাচ অনুশীলন করানোটাও জরুরি। ফলে এশিয়াডে খেলা তরুণদের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যাবে মামুনুল ইসলাম, ওয়ালি ফয়সাল, নাসিরউদ্দীন চৌধুরীদের।

শনিবার রাতে প্রথমভাগে দেশে ফিরেছেন মামুনুলদের অংশটি। আর আজ জেমি ডের সঙ্গে দেশে ফেরার কথা এশিয়াডে খেলা অংশটির। তবে আগামী পরশু মঙ্গলবার সকালে নীলফামারীর উদ্দেশে রওনা হবেন সবাই। একই দিনে নীলফামারীতে পা রাখার কথা শ্রীলঙ্কা দলেরও। তবে এর আগে আজই ঢাকায় পা রাখতে যাচ্ছে লঙ্কানরা। ফলে তারাই হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্দেশে ঢাকায় পা রাখা প্রথম দল।