কেএফসি কাপ জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টেও কলসিন্দুরের মেয়েরা দাপটের সঙ্গে মাঠ মাতাচ্ছে। ময়মনসিংহ জেলা দলের হয়ে খেলা কলসিন্দুরের মেয়েরা প্রথম দুই ম্যাচে রাজবাড়ি ও রংপুরকে হারিয়েছে।
ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও কলসিন্দুরের মেয়েদের স্থানীয় প্রশিক্ষক মফিজ উদ্দিন জানান, ২ মার্চ রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ময়মনসিংহ জেলা দল রাজবাড়ীকে ১৬-০ গোলে হারায়। আজ শুক্রবার একই স্টেডিয়ামে রংপুর জেলা মহিলা দলকে ৬-০ গোলে হারায় ময়মনসিংহ। কলসিন্দুরের ১৮ জন মেয়ে ফুটবলার নিয়ে গঠিত ময়মনসিংহ জেলা মহিলা ফুটবল দল। আগামী ৬ মার্চ দলটি মুখোমুখি হবে বিজেএমসির।
গত ২০ ডিসেম্বর এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতায় নেপালকে ১-০ গোলে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। চ্যাম্পিয়ন কলসিন্দুরের মেয়েরা।