
স্প্যানিশ লিগের প্রথম রাউন্ডের ম্যাচগুলো সম্প্রচার হয়েছে ফেসবুকে। সব মিলিয়ে তাতে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি। কারণ টিভিতে এই খেলা দেখার বিকল্প নেই। তীব্র সমালোচনার মুখে খুব সম্ভবত পিছু হটতে চলেছে ফেসবুক। এখনো আনুষ্ঠানিক খবর আসেনি। তবে ফেসবুক নাকি সনি পিকচার্স নেটওয়ার্কের সঙ্গেই সাবলাইসেন্সিং চুক্তি করছে। যেন ফেসবুকের পাশাপাশি টিভিতেও দেখা যায় খেলা। সনিকে হারিয়েই সার্কভুক্ত আটটি দেশে লা লিগার সম্প্রচার স্বত্ব পেয়েছিল ফেসবুক। সাবলাইসেন্সিং চুক্তির খবর সত্যি হলে, ফেসবুকের পাশাপাশি সনির খেলার চ্যানেলগুলোতেও দেখা যাবে লা লিগা।
তিন মৌসুমের জন্য এই অঞ্চলের সম্প্রচারস্বত্ব কিনেছে ফেসবুক। গত শুক্রবার শুরু নতুন মৌসুমের ৩৮০টি ম্যাচের সব কটি ফেসবুকে দেখা যাবে। ২০১৪ থেকে গত মৌসুম পর্যন্ত লা লিগার এই অঞ্চলের সম্প্রচারস্বত্ব ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের। এর জন্য লা লিগা কর্তৃপক্ষকে ৩ কোটি ২০ লাখ ডলার দিয়েছিল সনি। লা লিগার খেলাগুলো দেখানোর জন্য কৌশলগত কারণে সনি গ্রুপ টেন গ্রুপের চ্যানেলগুলোও কিনে নিয়েছিল।
এই মৌসুমের শুরুতে সনি ইতালিয়ান লিগ নিয়ে বিশেষ প্রচারণা শুরু করে। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর স্প্যানিশ লিগ ছেড়ে ইতালিতে চলে যাওয়া কৌশলে প্রচারণায় ব্যবহার করে তারা। তখনই এ অঞ্চলের দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়, লা লিগা নিয়ে কোনো প্রচারণা কেন করছে না সনি? এক দর্শকের টুইট করা প্রশ্নের জবাবে রিটুইট করে সনি জানিয়ে দেয়, এবার স্প্যানিশ লিগের সম্প্রচারস্বত্ব তারা পায়নি।
কিন্তু প্রথম রাউন্ডের ম্যাচ শেষে ভারত, বাংলাদেশসহ বেশির ভাগ জায়গার দর্শকেরা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে। টিভিতে দেখা যাবে না লা লিগা, একমাত্র সম্বল ফেসবুক, এটা মানতে পারছেন না এই অঞ্চলের দর্শকেরা। ফেসবুকে লিওনেল মেসি কিংবা লুকা মদরিচদের খেলা সরাসরি দেখার ব্যাপারটা যে নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেবে, তা আগেই আন্দাজ করা গেছে।
বাংলাদেশের বেশির ভাগ মানুষই মোবাইলে ডেটা ব্যবহার করেন। অনেকে ব্যবহার করেন ফেসবুকের ফ্রি বেসিকস। যেখানে ভিডিও বা ছবি দেখা যায় না। বেশির ভাগ ব্যবহারকারী ছোট ছোট ডেটা প্যাকেজ ব্যবহার করেন, সেখানে একটি ম্যাচ দেখতে হলে কমবেশি ৫০০ মেগাবাইট ডেটা খরচ হবে। তা ছাড়া ইন্টারনেট সংযোগের নানা ঝক্কিঝামেলা তো রয়েছেই। সবাই ভালো গতির ইন্টারনেট সেবার আওতায় নেই। ফেসবুকে সরাসরি ভিডিও স্ট্রিমিং করতে হলে ভালো গতির নেট প্রয়োজন। এসব সমস্যার কথা তুলে ধরেছেন স্প্যানিশ লিগের দর্শকেরা। লা লিগার অফিশিয়াল পোস্টের নিচে করা মন্তব্যে ক্ষোভের আগুন জ্বলছে যেন।
বেশির ভাগ দর্শক আরও একটি বড় প্রশ্ন তুলেছেন। টিভির বড় পর্দায় সাউন্ড দিয়ে খেলা দেখা আর মোবাইলে হেডফোন গুঁজে খেলা দেখার মজা কি এক? ল্যাপটপেও বা খেলে দেখে কি সেই মজা পাওয়া যায়?
এই পরিপ্রেক্ষিতেই কি পিছু হটছে ফেসবুক? এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে গুঞ্জন সত্যি হলে ফেসবুকের পাশাপাশি টিভিতেও লা লিগার খেলাগুলো দেখা যাবে।