তিনি পোশাক বদলের মতো ক্লাব পাল্টান!

ক্লাব পাল্টানোর রেকর্ড গড়েছেন উরুগুয়ের ফুটবলার সেবাস্তিয়ান আব্রু। ছবি: টুইটার
ক্লাব পাল্টানোর রেকর্ড গড়েছেন উরুগুয়ের ফুটবলার সেবাস্তিয়ান আব্রু। ছবি: টুইটার

পেশাদার ফুটবলের জগৎটা সত্যিই অবিশ্বাস্য। অনেকে এক ক্লাবেই ক্যারিয়ার শেষ করেন। অনেকে আবার পোশাক বদলের মতো ক্লাব পাল্টান, যেখানে সেবাস্তিয়ান আব্রু শ্রেষ্ঠতম উদাহরণ!

‘চল্লিশে চালসে’ হওয়ার আগেই অনেকে বুট তুলে রাখেন। নেমে পড়েন কোচিং পেশায় কিংবা অন্য কোনো কাজে। সেবাস্তিয়ান আব্রু সেখানে ৪১ বছর বয়সেও খেলে চলছেন! উরুগুয়ের এ স্ট্রাইকার গতকাল চিলির শীর্ষস্থানীয় লিগের ক্লাব অডাক্স ইতালিয়ানোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আব্রুর ২৪ বছরের ফুটবল ক্যারিয়ারে এটা ২৬তম ক্লাব!
অডাক্সে যোগ দেওয়ার মধ্য দিয়ে গিনেজ বইয়ে লুৎজ ফানেনস্টিলের রেকর্ড ভেঙেছেন আব্রু। ২৫টি ভিন্ন ভিন্ন দলে খেলে সবচেয়ে বেশি সংখ্যকবার ক্লাব পাল্টানোর রেকর্ডটা এত দিন ধরে রেখেছিলেন সাবেক জার্মান গোলরক্ষক ফানেনস্টিল। তাঁর সেই রেকর্ড ভেঙে আব্রু গড়লেন নতুন রেকর্ড। উরুগুয়ের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ গোলদাতা সাবেক স্ট্রাইকারটি এখন সবচেয়ে বেশিসংখ্যক ক্লাবে খেলা ফুটবলারও।
ডিফেন্ডার হিসেবে ১৯৯৪ সালে আব্রু পা রেখেছিলেন পেশাদার ফুটবলে। গোল করায় সহজাত দক্ষতা থাকায় পজিশন পাল্টে স্ট্রাইকার হয়ে যান। দেশের ক্লাব ডিফেন্সর থেকে ১৯৯৪ সালে সান লরেঞ্জো এবং তারপর দেপোর্তিভোয় নাম লিখিয়ে আব্রু পা রাখেন ইউরোপে। এরপর থেকেই পাল্টে যাচ্ছেন ক্লাবের পর ক্লাব। সে পথে তিনি যেন ‘বিশ্ব নাগরিক’—পেয়েছেন ১১টি দেশের নাগরিকত্ব! অবশ্য আব্রু যার রেকর্ড ভাঙলেন সেই ফানেনস্টিলও কম যান না। প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে ফিফার ছয়টি কনফেডারেশনসে (এশিয়া, আফ্রিকা, উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল, লাতিন আমেরিকা, ওশেনিয়া এবং ইউরোপ) খেলার রেকর্ডটা এখনো যে তাঁর দখলে!